হার্ভার্ডে ভর্তির চেয়েও কঠিন এন্ট্রি লেভেলের চাকরি? ৩০০ আবেদনের মাঝে ইন্টারভিউয়ের ডাক পেলেন মাত্র ৬ জন

দেশ-বিদেশে ছাঁটাই ও চাকরি হারানোর খবরের মাঝে কর্মপ্রার্থীদের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, কোনো সংস্থা থেকে ইন্টারভিউয়ের ডাক পাওয়াই এখন বড় সাফল্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এন্ট্রি লেভেলের চাকরির ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা এতটাই তীব্র যে, ভালো যোগ্যতা ও ডিগ্রি থাকা সত্ত্বেও সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এই বাস্তবতা তুলে ধরে রেডিটে (Reddit) নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এক চাকরিপ্রার্থী। তিনি জানান, একটি এন্ট্রি লেভেলের পদের জন্য প্রায় ৩০০ জন আবেদন করেছিলেন। অবাক করার মতো বিষয় হল, তার মধ্যে মাত্র ৫০ জন প্রার্থীর জীবনপঞ্জি বা রিজিউমে যোগ্য হিসেবে বিবেচিত হয়। এরপর প্রথম রাউন্ডের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় মাত্র ৬ জনকে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে পৌঁছাতে পারেন মাত্র ২ জন। ওই প্রার্থীর দাবি, ইন্টারভিউয়ের শুরুতেই নিয়োগকারী সংস্থা আবেদনকারীর সংখ্যা ও নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে জানান। নিজের অভিজ্ঞতা ভাগ করে তিনি উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়া ও লিংকডইনে অনেক রিক্রুটারই বলেন যে ১০০টির বেশি আবেদন দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ বেশিরভাগ প্রার্থীই যোগ্য হন না।

ভর্তি হওয়া সহজ নাকি চাকরি পাওয়া? তবে এই ক্ষেত্রে চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। ওই চাকরিপ্রার্থীর লেখায় উঠে আসে, ৩০০ জনের মধ্যে ৮৫ শতাংশ প্রার্থী যোগ্য না হলেও বাকি ৫০ জন যোগ্য প্রার্থীর মধ্যে মাত্র ১২ শতাংশ প্রথম রাউন্ডের ইন্টারভিউয়ের সুযোগ পান। অর্থাৎ মোট আবেদনকারীদের মধ্যে মাত্র ২ শতাংশ প্রার্থী ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এই পরিস্থিতির সঙ্গে আমেরিকার খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির তুলনা করেছেন তিনি। তাঁর মতে, হার্ভার্ডে ভর্তির হার প্রায় ৪ শতাংশ, অথচ এই চাকরির ক্ষেত্রে প্রথম রাউন্ডের ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনা ছিল মাত্র ২ শতাংশ। অর্থাৎ একটি সাধারণ এন্ট্রি লেভেলের চাকরির ইন্টারভিউ পাওয়াও হার্ভার্ডে ভর্তির চেয়ে বেশি কঠিন বলে মনে হয়েছে তাঁর কাছে। তিনি আরও বলেন, কোনো প্রার্থী চাকরির সব প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করলেও তাঁর নিয়োগের নিশ্চয়তা থাকছে না। স্কুল বা কলেজের দিনে যেসব কৃতিত্বের জন্য প্রশংসা মিলত, চাকরির বাজারে সেগুলোই এখন সাধারণ মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে।

ওই চাকরিপ্রার্থী আরও জানান যে তিনি গত ১৮ মাস ধরে চাকরি খুঁজছেন। চূড়ান্ত পর্বে পৌঁছাতে পেরে তিনি খুশি হলেও এন্ট্রি লেভেলের বেতনের চাকরিতে এমন তীব্র প্রতিযোগিতা তাঁকে হতাশ করেছে। বিশেষ করে বড় শহরগুলোতে কাজ খুঁজে পাওয়া আরও বেশি কঠিন হয়ে উঠেছে বলে মত তাঁর।

এই পোস্টের নিচে অন্যান্য ব্যবহারকারীরাও নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন। একজনের দাবি, চূড়ান্ত রাউন্ডের ইন্টারভিউয়ের পরও তিনি চাকরি পাননি, কারণ সংস্থা তাঁর চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিয়েছে। হতাশা প্রকাশ করে তিনি জানান, ২০২৬ সালের বাকি সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই মনে হচ্ছে। আবার আরেক ব্যবহারকারীর মতে, সব প্রার্থীর ক্ষেত্রে কাজের সুযোগ সমান থাকে না। কারও কারও সাফল্যের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি থাকে, আবার কিছু নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে তা ৫০-৫০ হতে পারে।

এক ব্যবহারকারী তাঁর সমস্যার কথা তুলে ধরে লেখেন, এখন এমন একটি চাকরি পাওয়াও লটারি জেতার মতো মনে হয়, যা দিয়ে অন্তত একটি এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়া সহজে মেটানো যায়। আরেকজন জানান, গত বছর তিনি পদোন্নতি পেয়ে পুরনো পদ ছাড়ার পর সেই একটি পদের জন্যই ২০০ জনের বেশি আবেদন করেছিলেন। এসব প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট যে, চাকরির বাজারে বাড়তে থাকা প্রতিযোগিতা এবং সীমিত সুযোগ প্রার্থীদের উদ্বেগ বাড়িয়ে তুলছে। এখন প্রশ্ন শুধু যোগ্যতার নয়, বরং সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়ারও হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *