চাকরি বলে আর কিছু থাকবে না? সরকারকেই চালাতে হবে সকলের সংসার! AI নিয়ে বিস্ফোরক দাবি তাও লিনের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকা অবস্থায় এবার কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর সতর্কবার্তা দিলেন AI সংস্থা Anthropic-এর ‘ক্লড’ (Claude) গবেষক তাও লিন। তাঁর দাবি, ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে পাকাপাকিভাবে কর্মহীন হয়ে পড়তে পারেন সমগ্র মানবজাতি এবং মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হতে পারে সরকারকে।
আমেরিকার অলাভজনক গবেষণা সংস্থা Palisade Research-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিন এই মন্তব্য করেন। উল্লেখ্য, AI-এর সম্ভাব্য ঝুঁকি, সাইবার নিরাপত্তা, নিয়ন্ত্রণযোগ্যতা এবং কর্মক্ষেত্রে এর প্রভাব নিয়ে কাজ করে এই সংস্থা। লিনের কথায়, “পৃথিবীর সমস্ত মানুষই কার্যত কর্মহীন হয়ে পড়বেন। এমন একটা সময় আসবে যখন অস্তিত্ব টিকিয়ে রাখতে মানবজাতিকে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভর করতে হবে। কর্মসংস্থান বিলুপ্ত হয়ে যাবে।”
মাত্র ১৫ মাসেই অতি-মানবিক সক্ষমতার দাবি তাও লিনের আরও দাবি, প্রতিটি ক্ষেত্রেই মানুষকে ছাপিয়ে যেতে পারে AI, এমনকি তাবড় বিশেষজ্ঞদের কাজও তারা দখল করে নিতে পারে। তাঁর মতে, খুব শীঘ্রই—সম্ভবত মাত্র ১৫ মাসের মধ্যেই—AI অতি-মানবিক বা সুপারহিউম্যান সক্ষমতা অর্জন করতে পারে, যা মানুষের কর্মক্ষমতা ও সেরা বিশেষজ্ঞদের দক্ষতাকেও ছাড়িয়ে যাবে।
তবে লিন স্পষ্ট করেছেন, এটি তাঁর ব্যক্তিগত ভাবনা ও বিশ্লেষণ, Anthropic-এর আনুষ্ঠানিক অবস্থান নয়। তিনি এও জানান যে, অতি-মানবিক AI এলেও সঙ্গে সঙ্গেই সকলে চাকরি হারাবেন না। বরং ধাপে ধাপে মানুষের সমান কাজ করার ক্ষমতা অর্জন করবে প্রযুক্তি। এর ফলে প্রযুক্তির সক্ষমতা অর্জন এবং বাস্তবে কর্মক্ষেত্রে তার প্রয়োগের মধ্যে একটি সময়ের ফারাক থাকবে।
Anthropic-এর সিইও ও গবেষণার চিত্র এর আগে মানবজাতির অস্তিত্বের ওপর AI-এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন Anthropic-এর সিইও দারিও আমোডেই। তবে কর্মসংস্থানের ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংস্থাটির অবস্থান তুলনামূলকভাবে পরিমিত। চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত Anthropic-এর এক গবেষণাপত্রে বলা হয়েছিল, যেসব ক্ষেত্রে AI-এর ব্যবহার বেশি, ২০২২ সালের শেষ দিকের তুলনায় সেখানে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি। যদিও তরুণ কর্মী নিয়োগের হার কিছুটা কমার ইঙ্গিত মিলেছে।
ওই রিপোর্ট অনুযায়ী, কম্পিউটার ও গণিতনির্ভর প্রায় ৯৪ শতাংশ কাজে AI ব্যবহারের সম্ভাবনা থাকলেও, বাস্তবে কর্মক্ষেত্রে এর ব্যবহারের হার বর্তমানে ৩৩ শতাংশ। ফলে বেতনভুক্ত কাজগুলি করার সক্ষমতা AI অর্জন করলেও রাতারাতি সব পেশা হারিয়ে যাবে না বলেই মনে করা হচ্ছে। তবে প্রযুক্তির এই দ্রুত বিস্তারকে যে যথাযথ নিয়ন্ত্রণের মধ্যে রাখা প্রয়োজন, সে বিষয়ে প্রায় সকলেই একমত।