দেবাংশুর বাগদান ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, উপাসনার পোস্টের পরই মুখ খুললেন হবু স্ত্রী

বাগদানের খবর সামনে আসার পর থেকেই নতুন করে চর্চায় উঠে এসেছেন দেবাংশু ভট্টাচার্য। রাজনীতির ময়দানে আগের মতো নিয়মিত না থাকলেও নিজের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেই ফের শিরোনামে তিনি। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদান বা এনগেজমেন্টের কথা নিজেই ঘোষণা করেন দেবাংশু। এরপরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর ও হবু স্ত্রীর বাগদানের ছবি। সেই ছবি ঘিরেই শুরু হয় নানা জল্পনা, কৌতূহল এবং একের পর এক বিতর্ক।
এই আবহেই সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন তৃণমূলের যুবনেত্রী উপাসনা চৌধুরী। বর্তমানে তিনি মমতা তৃণমূলের আইটি সেলের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন, যে পদে একসময় ছিলেন দেবাংশু নিজেও। পোস্টের শুরুতে প্রাক্তন সহকর্মী দেবাংশু ও তাঁর হবু স্ত্রীকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাসনা। তবে শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি এই পোস্ট করার মূল কারণও স্পষ্ট করেন।
উপাসনা লেখেন, দেবাংশু একসময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর অতীত ব্যক্তিগত জীবন, সম্পর্কের সংখ্যা কিংবা সমীকরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া করা যেমন অনুচিত, তেমনই তাঁর হবু স্ত্রীকে জড়িয়ে যেসব আলোচনা চলছে, তা-ও অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে দুবাইতে কারও সঙ্গে সহবাস করেছেন কি না বা পূর্বে বিবাহিত ছিলেন কি না—এমন ব্যক্তিগত বিষয় নিয়ে বিনা প্রমাণে কুরুচিকর আলোচনা ও চরিত্রহননের চেষ্টার তীব্র বিরোধিতা করেন তিনি।
নিজের পোস্টে উপাসনা দাবি করেন, তাঁর প্রাক্তন সিনিয়রকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ঘুরছে। তবে বিরোধিতা ও নিন্দার সুর বজায় রেখেই তিনি তাঁর পোস্টে সেই বিতর্কের নানা দিক তুলে ধরেন, যেখানে দেবাংশুর হবু স্ত্রীর অতীত প্রসঙ্গও উঠে আসে। উপাসনার বক্তব্য, রাজনৈতিক পরিচয় থাকুক বা না থাকুক, প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার অধিকার রয়েছে। বিনা প্রমাণে কাউকে কলঙ্কিত করার এই সোশ্যাল মিডিয়া প্রবণতা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
তবে উপাসনার এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক নেটিজেন উপাসনার ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সমালোচকদের মতে, নিন্দার আড়ালে এটি এক ধরনের কৌশলী পদক্ষেপ। একজন মহিলা হয়ে কেন অন্য মহিলার অতীত ঘিরে চলা বিতর্কের বিস্তারিত বিষয় এভাবে জনসমক্ষে তুলে ধরা হলো, তা নিয়েই শুরু হয় আলোচনা।
বিতর্ক যখন চরমে, তখন নিজেই আসরে নামেন দেবাংশুর হবু স্ত্রী মেঘনা। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অতীত সম্পর্ক নিয়ে চলা জলঘোলার স্পষ্ট ও কড়া জবাব দেন তিনি। মেঘনা লেখেন, এক বছর আগেই তাঁর প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং অতীতে ঘটে যাওয়া বিষয় নিয়ে কাউকে জনসমক্ষে টেনে আনার কোনও মানেই হয় না। মেঘনার এই দৃঢ় বার্তার পর পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করেন দেবাংশু ভট্টাচার্যও। সব মিলিয়ে, বাগদানের আনন্দের মাঝেই ব্যক্তিগত গোপনীয়তা ও সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে নেটদুुनिया।