হঠাৎ টাকার সংকটে পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড? কোনটিতে খরচ কম, জানুন সহজ হিসাব

জীবনে যেকোনো সময় আর্থিক সংকট বা জরুরি টাকার প্রয়োজন দেখা দিতে পারে। হঠাৎ পরিবারের কারও অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়া, বাড়ি কিংবা গাড়ির বড় মেরামতি অথবা চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতিতে দ্রুত টাকার দরকার পড়ে। হাতে যথেষ্ট সঞ্চয় না থাকলে তখন অনেকের ভরসা হয় ব্যাঙ্কের ঋণ বা ক্রেডিট কার্ড।

এমন পরিস্থিতিতে হঠাৎ টাকার জোগান দিতে পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড বেশ পরিচিত দুটি পথ। তবে কোন পথে খরচ কম এবং কোনটি আপনার পরিস্থিতির সঙ্গে বেশি মানানসই, তা বুঝতে সুদের হার থেকে শুরু করে বাড়তি খরচ, সবকিছুই খতিয়ে দেখা দরকার।

প্রায় সব ব্যাঙ্কই পুরোনো গ্রাহকদের লেনদেনের ধরন, ক্রেডিট স্কোর এবং আগের ঋণ শোধের ইতিহাস দেখে প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোনের প্রস্তাব দেয়। গ্রাহকের প্রাথমিক যোগ্যতা আগে থেকেই যাচাই করা থাকায় সাধারণ পার্সোনাল লোনের তুলনায় দ্রুত ঋণ মঞ্জুর হওয়ার সুযোগ থাকে।

পার্সোনাল লোনের সুদের হার নির্ভর করে গ্রাহকের ক্রেডিট স্কোর, আয় এবং ঋণের পরিমাণের ওপর। এর সঙ্গে ব্যাঙ্কের নিজস্ব ঋণ নীতিও কাজ করে। পাশাপাশি প্রসেসিং ফি, কর এবং অন্যান্য চার্জও যুক্ত হতে পারে। এই ঋণের বড় সুবিধা হলো নির্দিষ্ট কিস্তিতে বা ইএমআইয়ের মাধ্যমে টাকা শোধ করা যায়। ফলে প্রতি মাসে কত টাকা দিতে হবে এবং কতদিনে ঋণ শেষ হবে, সে বিষয়ে আগে থেকেই স্পষ্ট ধারণা থাকে। বড় অঙ্কের জরুরি খরচ সামলাতে এটি বেশ কার্যকর হতে পারে।

অন্যদিকে, তুলনামূলকভাবে কম অঙ্কের জরুরি খরচের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ভালো বিকল্প হতে পারে। ক্রেডিট কার্ডে লেনদেনের পর নির্দিষ্ট সময় পর্যন্ত সুদ ছাড়াই টাকা মেটানোর সুযোগ থাকে। তবে সেই সুবিধা পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো বিল পরিশোধ করতে হবে।

বিল পুরোপুরি না মেটালে বকেয়া টাকার ওপর চড়া হারে সুদ চাপতে পারে। সামান্য বকেয়া থেকেও দ্রুত ঋণের বোঝা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। সাধারণত নগদ তোলার দিন থেকেই সুদ গণনা শুরু হয় এবং আলাদা করে উইথড্রয়াল চার্জও দিতে হয়।

অনেক ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের বড় বিলকে ইএমআইয়ে বদলে নেওয়ার সুযোগ দেয়। তবে সেই সুবিধা নেওয়ার আগে সুদের হার, প্রসেসিং ফি এবং অন্যান্য খরচ সম্পর্কে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।

জরুরি প্রয়োজনে যদি বড় অঙ্কের টাকা লাগে এবং একবারে তা শোধ করার সামর্থ্য না থাকে, তাহলে প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে। সাধারণত ক্রেডিট কার্ডের বকেয়ার ওপর ধার্য সুদের চেয়ে পার্সোনাল লোনের সুদের হার কম হয় এবং নির্দিষ্ট ইএমআইয়ে শোধ করার সুবিধাও থাকে।

আবার অল্প টাকার দরকার হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে পুরো বিল শোধ করার ক্ষমতা থাকলে ক্রেডিট কার্ড ব্যবহার লাভজনক হতে পারে। কারণ সুদমুক্ত সময়ের মধ্যে বিল মেটালে কোনো সুদ গুনতে হয় না।

তবে ঋণ নেওয়ার আগে শুধু সুদের হার দেখলেই হবে না। প্রসেসিং ফি, মেয়াদ এবং সব মিলিয়ে মোট কত টাকা ফেরত দিতে হবে, তা কষে নেওয়া জরুরি। মনে রাখা ভালো, প্রি-অ্যাপ্রুভড লোনের অফার পেলেই সেটি সবচেয়ে সস্তা ঋণ হবে, এমন কোনো কথা নেই। নিজের আর্থিক ক্ষমতা এবং প্রয়োজনের পরিমাণ বুঝেই সঠিক পথ বেছে নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *