ছয় মাসে নবান্নের বড় বদল! রাজ্যের সরকারি কাজে ফিরছে কেন্দ্রীয় সংস্থাগুলো

রাজ্যে সরকার বদলের ছয় মাসের মধ্যেই বড়সড় নীতিগত সিদ্ধান্ত নিল নবান্ন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি নির্মাণ ও পরিকাঠামোগত কাজে ফের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে যুক্ত করার ছাড়পত্র দিল নতুন সরকার। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থ দফতরের অডিট শাখা। আগের সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সেই নিয়ম ফিরিয়ে এনে পরিকাঠামো উন্নয়নের কাজে গতি আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে মনে করছে প্রশাসনিক মহল।
সরকারি নথি অনুযায়ী, অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত ওই মেমোরেন্ডামে (নম্বর: ৪১৫২-এফ(ওয়াই), তারিখ: ১৭.১১.২০২৬) জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলস বা ডব্লিউবিএফআর-এর ৪৭ডি ধারার অধীনে অ্যানেক্সার-ডি তালিকায় কেন্দ্রীয় সংস্থাগুলোকে ফের অন্তর্ভুক্ত করা হলো। এর ফলে এখন থেকে রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ প্রকল্পের বরাত পেতে আর কোনো বাধা রইল না কেন্দ্রীয় সংস্থাগুলোর।
নতুন তালিকায় মোট চারটি প্রথম সারির কেন্দ্রীয় সংস্থার নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডব্লিউডি, ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন বা এনবিসিসি, রাইটস লিমিটেড এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড বা ইআইএল। এ ছাড়া রাজ্য সরকার প্রয়োজন মনে করলে সময়ে সময়ে অন্যান্য কেন্দ্রীয় সংস্থা বা নিগমকেও এই তালিকায় যুক্ত করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৫ জুন অর্থ দফতরের এক বিজ্ঞপ্তির (নম্বর: ৫৪০০-এফ(ওয়াই)) মাধ্যমে সরকারি কাজের জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে অ্যানেক্সার-ডি তালিকায় নথিভুক্ত করার নিয়ম চালু হয়েছিল। কিন্তু পরের দিকে নীতিগত বিরোধের জেরে ওই তালিকা থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বাদ দেওয়া হয়। রাজ্যের সরকারি কাজে কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিয়োগ করার প্রথা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল।
সরকার পরিবর্তনের পর সেই অবস্থান থেকেই সরে এল নবান্ন। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের প্রশাসনিক কারণও ব্যাখ্যা করা হয়েছে। চলতি বছরের ৭ জুলাই রাজ্য পূর্ত দফতর একটি নির্দেশিকা (নম্বর: ১এম-২৪/২৬/১৩৪-আর/পিএল) জারি করে। সেখানে রাজ্যের পূর্ত দফতরের অধীন সব রাস্তা ও সেতু নির্মাণের ক্ষেত্রে পিডব্লিউডি (এনএইচ) শিডিউল অফ রেটস-কে অভিন্ন দর হিসেবে গ্রহণ করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের কাজের দরের এই সামঞ্জস্যের কথা মাথায় রেখেই রাজ্যপাল কেন্দ্রীয় সংস্থাগুলোকে ফের কাজের সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন।
তবে কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে কড়া শর্তও বেঁধে দিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত ওই কেন্দ্রীয় সংস্থাগুলোকে সব দরপত্র বা টেন্ডার প্রক্রিয়া রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের ই-টেন্ডার পোর্টাল অথবা জেম বা জিইএম পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। পাশাপাশি, প্রকল্প রূপায়ণের প্রতিটি স্তরে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি-এর নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে অর্থ দফতর। ইতিমধ্যে এই নির্দেশিকার প্রতিলিপি রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, সব দফতরের সচিব, বিভাগীয় কমিশনার, জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসক, ট্রেজারি অফিসার এবং বিডিও-দের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দফতরের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকারের এই পদক্ষেপে রাজ্যে থমকে থাকা বড় পরিকাঠামো প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছেন প্রশাসনিক কর্তারা।