ডিউটির সময় ফার্মহাউসে উদ্দাম নাচ-মদ্যপান! ভাইরাল ভিডিওতে বিপাকে পুলিশকর্মীরা

তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার একটি ফার্মহাউসে একদল পুলিশকর্মীর উদ্দাম নাচের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চরম অস্বস্তিতে পড়ল পুলিশ প্রশাসন। ওই দলে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন এবং ঘটনার সময় তাঁদের মধ্যে কয়েকজন খাতায়-কলমে ডিউটিতে ছিলেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি সামনে আসতেই পুলিশ দপ্তরের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, অভিযুক্ত পুলিশকর্মীরা সকলেই মাঞ্চেরিয়ালের বেল্লামপল্লি ওয়ান টাউন থানায় কর্মরত। সম্প্রতি একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা ওই ফার্মহাউসে জড়ো হয়েছিলেন। অভিযোগ উঠেছে, পার্টি চলাকালীন বেশ কয়েকজন পুলিশকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে, পুলিশকর্মীরা বৃত্তাকারে দাঁড়িয়ে গানের তালে নাচছেন। এমনকি ভাইরাল হওয়া কয়েকটি ক্লিপে তাঁদের মধ্যে কয়েকজনকে সুইমিং পুলের জলে নেমেও নাচতে দেখা গিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের ওপর, তাঁদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও শৃঙ্খলাভঙ্গের ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিগত অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন, তাঁরা আদৌ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কি না এবং কেউ ছুটি নিয়ে গিয়েছিলেন নাকি ডিউটি ফাঁকি দিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি, পুলিশকর্মীরা দপ্তরের কোনো নিয়ম বা আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। গোটা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন সিনিয়র আধিকারিকরা। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *