১৮ হাজারের বেশি পাখি নিধন, ২৮ হাজার ডিম নষ্ট! কেরলে বার্ড ফ্লু আতঙ্কে বড় পদক্ষেপ

কেরলের আলাপ্পুঝা জেলায় দুটি পোল্ট্রি খামারে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ার পর সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার ১৮ হাজার ৬০০টিরও বেশি হাঁস, মুরগি ও কোয়েল নিধন করা হয়েছে এবং ২৮ হাজার ৪০টি ডিম নষ্ট করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে আম্বালাপ্পুঝা উত্তর, আম্বালাপ্পুঝা দক্ষিণ এবং চেন্নিথালা-থ্রিপেরুনথুরা পঞ্চায়েতের আক্রান্ত খামারগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই অভিযান চালানো হয়। মোট ৭ হাজার ১১৬টি মুরগি, ১১ হাজার ৫৭টি হাঁস এবং ৪৪৭টি কোয়েল নিধন করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০০ কেজি পোল্ট্রি খাবারও নষ্ট করা হয়েছে।

নিধন হওয়া পাখিগুলোর মধ্যে আম্বালাপ্পুঝা উত্তরের আক্রান্ত খামার সংলগ্ন এলাকায় ৭ হাজার ৩৩১টি এবং চেন্নিথালা-থ্রিপেরুনথুরা এলাকায় ১১ হাজার ২৮৯টি পাখি ছিল। এ ছাড়া আম্বালাপ্পুঝা দক্ষিণে আরও ২০টি পাখি নিধন করা হয়।

আম্বালাপ্পুঝা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের একটি খামারে কোয়েল ও মুরগির মধ্যে এবং চেন্নিথালা-থ্রিপেরুনথুরার ১ নম্বর ওয়ার্ডের একটি খামারে হাঁস ও মুরগির মধ্যে বার্ড ফ্লু শনাক্ত হয়েছিল। কেরল সরকারের আধিকারিকরা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, খামারগুলো থেকে সংগ্রহ করা নমুনা ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেসে পরীক্ষার পর বার্ড ফ্লুর উপস্থিতি নিশ্চিত হয়।

পরিসংখ্যান অনুযায়ী, আম্বালাপ্পুঝা উত্তরে ১ হাজার ৬৩৬টি পূর্ণবয়স্ক মুরগি, ৫ হাজার ২২৫টি মুরগির বাচ্চা, ৪৪৭টি কোয়েল এবং তিনটি হাঁস নিধন করা হয়েছে। অন্যদিকে চেন্নিথালা-থ্রিপেরুনথুরায় ২৩৫টি মুরগি, ৫৮৬টি হাঁস এবং ১০ হাজার ৪৬৮টি হাঁসের বাচ্চা নিধন করা হয়।

সংক্রমিত দুই এলাকার প্রতিটিতে তিনটি করে র‍্যাপিড রেসপন্স টিম মোতায়েন করা হয়েছিল। প্রতিটি দলে ছিলেন একজন চিকিৎসক, দুজন প্রাণিসম্পদ পরিদর্শক, দুজন পরিচারক এবং চারজন কর্মী। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে এবং নিরাপত্তা বিধি মেনেই এই অভিযান চলে। সংক্রমণ ছড়ানো আটকাতে মৃত পাখিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

পশুপালন, ভেটেরিনারি ও স্বাস্থ্য বিভাগের পরিচালনায় এই কাজে সাহায্য করেছে স্থানীয় সরকার বিভাগ, পুলিশ এবং খাদ্য নিরাপত্তা বিভাগ। আক্রান্ত দুই খামারের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে নজরদারি অঞ্চল বা সারভেইল্যান্স জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মূলত বন্য ও গৃহপালিত পাখির মধ্যে দেখা যায়। তবে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এলে বা দূষিত পরিবেশের মাধ্যমে কখনো কখনো মানুষের মধ্যেও এর সংক্রমণ ছড়াতে পারে।

এদিকে পোল্ট্রি অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভোপালের কেন্দ্রীয় গবেষণা সংস্থা আইসিএআর-এনআইএইচএসএডি তৈরি করেছে দেশের প্রথম দেশীয় এইচ৫এন১ বার্ড ফ্লু ভ্যাকসিন। আগামী ২০ নভেম্বর এই টিকার উদ্বোধন করবেন শিবরাজ সিং চৌহান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *