পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমে নেই তো? এক ক্লিকেই খুঁজে নিন আপনার হারানো অর্থ

অনেকদিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন, কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় সেটির কথা হয়তো আর মনে নেই। অথচ আপনার সেই পুরনো অ্যাকাউন্টেই জমে থাকতে পারে জমানো টাকা। সেই অর্থ কীভাবে খুঁজে পাবেন এবং ফেরত নেবেন, তা নিয়ে এবার সহজ সমাধান দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই।

এমন বহু গ্রাহক রয়েছেন, যাঁদের পুরনো অ্যাকাউন্টে টাকা থাকলেও লেনদেন বন্ধ থাকায় বিষয়টি অগোচরে থেকে গেছে। গ্রাহকদের সেই ভুলে যাওয়া অর্থের খোঁজ দিতেই আরবিআই চালু করেছে ইউডিগ্যাম বা ইউডিজিএএম পোর্টাল। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাঙ্কে পড়ে থাকা পুরনো ও দাবিহীন আমানতের তথ্য সহজেই পাওয়া যায়।

ইউডিজিএএম-এর পুরো কথা হলো আনক্লেমড ডিপোজিটস – গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন। যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি এবং টাকা দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে, সেগুলোর সন্ধান দেয় এই কেন্দ্রীয় পোর্টাল।

চাকরি বদল, ঠিকানা পরিবর্তন, দীর্ঘদিন অ্যাকাউন্ট অব্যবহৃত থাকা কিংবা পরিবারের কারও মৃত্যুর মতো কারণে অনেক সময় ব্যাঙ্কে রাখা অর্থের খোঁজ পাওয়া যায় না। এই পোর্টাল সেই তথ্য খুঁজে বের করার কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে।

পোর্টালটি ব্যবহার করার নিয়মও বেশ সহজ। প্রথমে https://udgam.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করে অ্যাকাউন্ট খোঁজার ধাপ শুরু করা যাবে।

অ্যাকাউন্ট খুঁজতে প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারের নামের পাশাপাশি প্রয়োজনীয় পরিচয়পত্র বা তথ্যের বিবরণ দিতে হয়। এর মধ্যে থাকতে পারে ঠিকানা, জন্মতারিখ, প্যান কার্ডের তথ্য কিংবা ভোটার আইডি। এই তথ্যের ভিত্তিতে পোর্টালটি বিভিন্ন ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে জানায়, সংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো দাবিহীন আমানত রয়েছে কি না।

তবে একটি বিষয় পরিষ্কার করে জেনে রাখা ভালো, এই পোর্টাল কেবল পুরনো বা দাবিহীন আমানতের সন্ধান দেয়; এখান থেকে সরাসরি টাকা তোলা বা ফেরত পাওয়া যায় না। অ্যাকাউন্টের খোঁজ মিললে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর ব্যাঙ্কের শাখায় গিয়ে প্রয়োজনীয় কেওয়াইসি নথি জমা দিতে হবে। পরিচয় যাচাই ও অন্যান্য নিয়মকানুন সম্পূর্ণ হলে অ্যাকাউন্ট ফের সক্রিয় করা যাবে এবং জমে থাকা টাকা দাবি করা সম্ভব হবে। নিয়ম অনুযায়ী প্রযোজ্য সুদও পাওয়া যেতে পারে।

পুরনো কোনো অ্যাকাউন্টের কথা ভুলে গিয়ে থাকলে একবার এই পোর্টালে খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনার অজান্তেই হয়তো কোনো পুরনো অ্যাকাউন্টে জমা হয়ে আছে কষ্টার্জিত অর্থ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *