স্টেশনে জল জমে ট্রেন বন্ধের আর ভয় নেই? টালার বড় পাইপলাইন সারাইয়ে যুগ্ম পদক্ষেপ রেল ও পুরসভার

কলকাতা স্টেশন চত্বরে জল জমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার সমস্যা স্থায়ীভাবে মেটাতে জরুরি ভিত্তিতে টালার ৭২ ইঞ্চি জলের পাইপলাইন মেরামতির উদ্যোগ নিল শিয়ালদহ ডিভিশন ও কলকাতা পুরসভা। বুধবার শিয়ালদহ ডিআরএম দফতরে রেল ও পুরসভার শীর্ষ আধিকারিকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।
গত সপ্তাহে টালা পাম্পিং স্টেশনের ৭২ ইঞ্চি জল সরবরাহকারী পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ায় কলকাতা স্টেশন সংলগ্ন এলাকায় জল জমে যায়। এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হয় ট্রেন চলাচল। সেই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই এবার যৌথভাবে মাঠে নেমেছে রেল ও পুরসভা।
কলকাতা পুরসভার তরফে কলকাতা ইয়ার্ডের সার্কুলার লাইন ও স্ট্যাবলিং লাইনের মাঝামাঝি ক্ষতিগ্রস্ত পাইপলাইন অংশে মেরামতির প্রস্তাব দেওয়া হয়েছে। এ কাজের জন্য রেলের অনুমোদনও চাওয়া হয়েছে। পুরসভার আধিকারিকরা শিগগিরই বিস্তারিত প্রযুক্তিগত পরিকল্পনা জমা দেবেন। প্রয়োজন অনুযায়ী রেল ব্লক দিয়ে মেরামতির কাজে সব ধরনের সহযোগিতা করবে রেল কর্তৃপক্ষ।
দুই সংস্থার সমন্বয়ে দ্রুত কাজ শেষ করার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে। ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখাই রেলের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, কয়েকদিন আগেই টালা ট্যাঙ্ক থেকে পানীয় জল সরবরাহকারী পাইপলাইন ফেটে গিয়ে চক্ররেলের লাইন জলমগ্ন হয়ে পড়েছিল। ওই ঘটনায় উত্তর ও মধ্য কলকাতার বড় অংশে জল সঙ্কট তৈরি হওয়ার পাশাপাশি রেল লাইন জলের তলায় চলে যাওয়ায় চক্ররেল পরিষেবাও ব্যাহত হয়েছিল।