ঘূর্ণিঝড় আকভানের সতর্কতায় ওড়িশায় ৩ দিন স্কুল-কলেজ বন্ধ, ঝড়ের গতিবেগ কত হতে পারে?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে নরসাপুর ও পুরীর মাঝামাঝি এলাকা দিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আছড়ে পড়বে আকভান। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে বড় পদক্ষেপ করেছে ওড়িশা সরকার। পড়ুয়া ও শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যের ছয়টি জেলায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সব স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ওড়িশা সরকারের নির্দেশ অনুযায়ী, যে ছয়টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলি হল গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া এবং কান্ধামাল। এই জেলাগুলির সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ রাখা হচ্ছে। প্রাথমিকভাবে তিন দিনের ছুটির কথা জানানো হলেও পরিস্থিতির ওপর নজর রেখে এই মেয়াদ বাড়ানো হতে পারে। ওড়িশা সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখে ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকরা।
শুধু এই ছয় জেলাই নয়, গোটা রাজ্যের প্রশাসনকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ ত্রাণ কমিশনারের দফতর থেকে সব জেলার কালেক্টরদের নিজ নিজ এলাকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে। কোনো জেলায় আবহাওয়া বা পরিস্থিতির অবনতি হলে সেখানে প্রয়োজন অনুযায়ী স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন সংশ্লিষ্ট কালেক্টররা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার দুপুরে পুরীর কাছাকাছি ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় আকভানের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। পুরী এবং তার আশপাশের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কয়েকটি এলাকায় প্রবল বর্ষণও হতে পারে। পাশাপাশি স্থলভাগে আছড়ে পড়ার সময় পুরীতে স্বাভাবিকের চেয়ে ০.৫ থেকে ১.২ মিটার উঁচু ঢেউ উঠতে পারে। এর ফলে নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এবং সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে। উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন এবং চলছে লাগাতার সতর্কতামূলক প্রচার।