২০২৭ সালে তৈরি হবে ‘সুপারহিউম্যান’? বাবা ভাঙ্গার এই চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল

২০২৬ সালের শেষের দিকে দাঁড়িয়ে এখন অনেকের কৌতূহল ২০২৭ সালকে ঘিরে। এই সময়ে সোশ্যাল মিডিয়া এবং নানা খবরের পাতায় বুলগেরিয়ার প্রয়াত ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙ্গার নামে কিছু চমকপ্রদ দাবি ঘুরে বেড়াচ্ছে। ১৯১১ সালে জন্মানো এবং ১৯৯৬ সালে প্রয়াত এই নারীকে তাঁর অনুসারীরা ‘বলকানের নস্ত্রাদামুস’ বলেন। অতীতের নানা বড় ঘটনার সঙ্গে তাঁর ভবিষ্যদ্বাণীর যোগসূত্র খোঁজেন অনেকে, যদিও এসব দাবির নির্ভরযোগ্যতা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে।
অজানা রোগ আর অতিমানবীয় ক্ষমতার গল্প
২০২৭ সাল নিয়ে যে দাবিটি সবচেয়ে বেশি ছড়াচ্ছে, তা হলো এক অজানা মহামারী এবং মানুষের শরীরে জৈবিক পরিবর্তনের কথা। ভাইরাল হওয়া পোস্টগুলোতে বলা হচ্ছে, কোনো রহস্যময় অসুখ বা জিনগত পরীক্ষার ফলে বহু মানুষ আক্রান্ত হতে পারেন। তার মাঝেই বেঁচে থাকা কিছু মানুষের মধ্যে নাকি অস্বাভাবিক বা অতিমানবীয় ক্ষমতা তৈরি হতে পারে। শুনতে এটা কল্পবিজ্ঞানের সিনেমার মতোই মনে হয়। বিজ্ঞানীরা স্পষ্ট করেই বলছেন, কোনো রোগ বা জিনগত পরীক্ষার মাধ্যমে রাতারাতি মানুষের মধ্যে অতিমানবীয় ক্ষমতা গড়ে ওঠার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তা ছাড়া বাবা ভাঙ্গা নিজে এমন কোনো কথা বলেছিলেন কি না, তারও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না।
মহাকাশ ও ভিনগ্রহের প্রাণীদের প্রসঙ্গ
মহাকাশ নিয়েও নানা রকম জল্পনা চলছে। একটি মহলের দাবি, ২০২৭ সালে পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের আগমন ঘটতে পারে অথবা আকাশ থেকে বড় কোনো রহস্যময় বস্তু বা যান পৃথিবীর দিকে আসতে পারে। আবার কারও মতে, শুক্র গ্রহে মানুষের অভিযান বা নতুন কোনো শক্তির খোঁজ নিয়ে যে কথাবার্তা প্রচলিত আছে, তার প্রাথমিক কাজ ২০২৭ সালে শুরু হতে পারে এমন ধারণাও ছড়ানো হচ্ছে। তবে মহাকাশে ভিনগ্রহের প্রাণীর উপস্থিতি বা আগমনের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত মেলেনি।
অর্থনীতি ও সোনার দামে অস্থিরতার দাবি
অর্থনৈতিক দিক থেকেও ২০২৭ সালকে নিয়ে নানা আশঙ্কা ছড়ানো হচ্ছে। প্রচলিত দাবি অনুযায়ী, ওই বছর বিশ্বজুড়ে নগদ টাকার সংকট দেখা দিতে পারে। প্রচলিত মুদ্রাব্যবস্থার ওপর ভরসা কমে গেলে লগ্নিকারীরা সোনার দিকে ঝুঁকতে পারেন, যার ফলে বিশ্ববাজারে সোনার দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন চাপে পড়তে পারে বলেও দাবি করা হচ্ছে।
যুদ্ধ ও বিশ্বরাজনীতির সমীকরণ
বিশ্বরাজনীতি ও সংঘাত নিয়েও বাবা ভাঙ্গার নামে নানা কথা শোনা যাচ্ছে। বর্তমান বিশ্বের চলমান যুদ্ধ ও উত্তেজনার পরিস্থিতিতে অনেকে মনে করছেন, ২০২৭ সালে এই সংঘাত আরও তীব্র হতে পারে। এ ছাড়া রাশিয়ার শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তনের কথাও ভাইরাল দাবিগুলোর মধ্যে রয়েছে।
সব মিলিয়ে ২০২৭ সাল ঘিরে এই ধরনের ভবিষ্যদ্বাণীগুলো মূলত সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের চর্চার মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবের খবর আর কল্পনার মিশেলে তৈরি এসব দাবির পেছনে কোনো যাচাইযোগ্য প্রমাণ না থাকায় এগুলোকে নিছক জল্পনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।