অস্ত্রভাণ্ডারে কি টান পড়েছে আমেরিকার? ইরানের বিরুদ্ধে ‘মেয়াদোত্তীর্ণ’ টমাহক মিসাইল ব্যবহার

ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত ঘিরে এমনিতেই বিশ্বজুড়ে উদ্বেগ চরমে। এরই মাঝে পেন্টাগনের সামরিক সক্ষমতা ও অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘মেয়াদোত্তীর্ণ’ (এক্সপায়ার্ড) অস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। এমনকী ‘টমাহক’ (Tomahawk) ক্রুজ মিসাইলের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও এই পথে হেঁটেছে আমেরিকা। মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্তার এই বিস্ফোরক স্বীকারোক্তির পরই আমেরিকার অস্ত্রভাণ্ডারে ঘাটতি এবং পুরনো মিসাইল ব্যবহারের ভয়াবহ ঝুঁকি নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
কী স্বীকার করেছেন মার্কিন নৌসচিব?
গত মঙ্গলবার, ১৭ নভেম্বর (মার্কিন সময়), মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির সামনে নিজের মনোনয়ন সংক্রান্ত শুনানিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন ভারপ্রাপ্ত মার্কিন নৌসচিব হাং কাও। ‘দ্য বিজনেস ইনসাইডার’ এবং ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, কাও জানান, ব্যবহারের অনুপযুক্ত বা মেয়াদোত্তীর্ণ বলে চিহ্নিত কিছু অস্ত্রের ‘অপারেশন কোড’ পরিবর্তন করে সেগুলিকে ফের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury)-তে ওই অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে।
পুরনো অস্ত্রকে ফের সচল করার এই প্রক্রিয়াটিকে তিনি ‘বাসি পাউরুটিকে খাওয়ার উপযোগী করে তোলার’ সঙ্গে তুলনা করেন। তবে ঠিক কতগুলি মেয়াদোত্তীর্ণ টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে, সেগুলির বয়স কত ছিল কিংবা নিক্ষেপের আগে সেগুলির যথাযথ সংস্কার ও পরীক্ষা করা হয়েছিল কি না—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য দেননি তিনি।
অস্ত্রভাণ্ডারে কি টান পড়েছে আমেরিকার?
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলেই সম্ভবত আমেরিকার অস্ত্রভাণ্ডারে টান পড়েছিল।
গত ২৭ মার্চ ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুদ্ধের মাত্র প্রথম চার সপ্তাহেই ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে মার্কিন সেনা। পরবর্তীতে ২১ এপ্রিল প্রকাশিত ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (CSIS)-এর রিপোর্টে জানানো হয়, সামরিক অভিযান স্থগিত হওয়া পর্যন্ত ব্যবহৃত টমাহক মিসাইলের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছিল। বিপুল এই চাহিদার জোগান দিতেই মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্রের শরণাপন্ন হতে হয়েছিল বলে মনে করা হচ্ছে।
মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার কতটা বিপজ্জনক?
কোনও ক্ষেপণাস্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সেটি তাৎক্ষণিকভাবে অকেজো হয়ে পড়বে, তবে এর ঝুঁকি অত্যন্ত বেশি। রাষ্ট্রপুঞ্জের ‘ম্যানুয়াল অন অ্যামুনিশন ম্যানেজমেন্ট’ অনুযায়ী, দীর্ঘদিন সংরক্ষিত গোলাবারুদের প্রপেল্যান্ট (জ্বালানি) এবং বিস্ফোরকের রাসায়নিক গুণমানের অবনতি ঘটতে পারে। পাশাপাশি ইলেকট্রনিক যন্ত্রাংশের ত্রুটি, সিলিং ব্যবস্থার ক্ষতি, মরচে পড়া এবং কাঠামোগত দুর্বলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
টমাহকের মতো নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইলের কার্যকারিতা নির্ভর করে এর প্রপালশন সিস্টেম, নেভিগেশন প্রযুক্তি এবং ওয়ারহেডের নিখুঁত সমন্বয়ের ওপর। এর মধ্যে যেকোনো একটি যন্ত্রাংশ বিগড়ে গেলে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হতে পারে বা বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারে।
উল্লেখ্য, ২০২৬ অর্থবর্ষের বাজেট নথি অনুযায়ী, টমাহক ব্লক-৪ এবং ব্লক-৫ ক্ষেপণাস্ত্রের কার্যকরী আয়ু ৩০ বছর। তবে নিয়ম অনুযায়ী, প্রতি ১৫ বছর অন্তর এগুলির বিস্তারিত পরীক্ষা ও সংস্কার (Recertification) করা বাধ্যতামূলক। কিন্তু জরুরি পরিস্থিতিতে শুধুমাত্র কোড বদলে মেয়াদোত্তীর্ণ মিসাইল ব্যবহারের ঘটনায় পেন্টাগনের নিরাপত্তা নীতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।