‘এটা আবার কেমন প্রশ্ন!’ নিজের প্রিয় ‘প্রেম’ কে? সোজাসাপ্তা জবাব দিয়ে চমকে দিলেন আয়ুষ্মান খুরানা

বলিউডের বিখ্যাত পরিচালক সুরজ বারজাত্যার বহুল প্রতীক্ষিত পারিবারিক রোমান্টিক চলচ্চিত্র ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya) নিয়ে বর্তমানে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। এই ছবির মাধ্যমেই রাজশ্রী প্রোডাকশনসের আইকনিক চরিত্র ‘প্রেম’-এর ঐতিহ্যকে এবার সিলভার স্ক্রিনে এগিয়ে নিয়ে যেতে চলেছেন বহুমুখী প্রতিভাধর অভিনেতা আয়ুষ্মান খুরানা। সম্প্রতি মুম্বাইতে ছবিটির একটি জমজমাট প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, আর সেখানেই নিজের প্রিয় ‘প্রেম’ এবং সুপারস্টার সালমান খানকে নিয়ে এক খোলামেলা ও নজরকাড়া মন্তব্য করে বসলেন আয়ুষ্মান।
প্রশ্ন শুনেই সলমনের নাম নিলেন আয়ুষ্মান
সংবাদ সম্মেলনে আয়ুষ্মান খুরানাকে যখন প্রশ্ন করা হয় যে, রাজশ্রী ফিল্মসের দীর্ঘ ইতিহাসে তাঁর নিজের চোখে সর্বকালের সেরা ‘প্রেম’ কে, তখন বিন্দুমাত্র সময় নষ্ট না করে অভিনেতা সোজাসাপ্টা সলমন খানের নাম করেন। প্রশ্নটি শুনে প্রথমে হেসে ফেলে আয়ুষ্মান বলেন, “এটা আবার কেমন প্রশ্ন?” এরপর যোগ করেন, “সালমান ভাইয়ের চেয়ে ভালো আর কেউ হতেই পারে না। তিনিই আসল প্রেম। আমরা সবাই তাঁকে ‘প্রেম’ হিসেবেই পুজো করি। তাঁর তো এই ‘প্রেম’ নামেই অভিষেক হয়েছিল, তাই ভালোবাসার সাথে বলুন ‘জয় মাতা দি’!” উল্লেখ্য, ১৯৮৯ সালের ব্লকবাস্টার ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে প্রথমবার ‘প্রেম’ চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন সলমন খান, যা আজও দর্শকের মনে চিরকালীন নস্ট্যালজিয়া হয়ে রয়েছে।
‘প্রেম’ হওয়া এক বিরাট দায়িত্ব: আয়ুষ্মান
কেবল সলমনের প্রশংসাই নয়, পর্দায় এমন একটি আইকনিক ও ঐতিহাসিক চরিত্র ফুটিয়ে তোলার পেছনের গাম্ভীর্য এবং মানসিক প্রস্তুতির কথাও সংবাদমাধ্যমে শেয়ার করেছেন আয়ুষ্মান। তাঁর মতে, রুপোলি পর্দায় ‘প্রেম’ চরিত্রে অভিনয় করা মানে কেবল একটি নাম বা চরিত্র রূপায়ন করা নয়, বরং এটি একটি বিশাল দায়িত্ব।
অভিনেতা তাঁর বক্তব্যে বলেন, “আমার মনে হয় ‘প্রেম’ হওয়াটা একটা বিরাট দায়িত্ব। নিজের দেওয়া কথা রাখতে হয়। একজন আদর্শ ও নিখুঁত মানুষ কেমন হতে পারে, তা আপনাকে পর্দার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে—যিনি অত্যন্ত সংবেদনশীল, সহানুভূতিশীল এবং নিজের প্রিয়জনদের জন্য সবসময় আবেগগতভাবে পাশে থাকেন। আমি বিশ্বাস করি, সেটাই হলো সত্যিকারের প্রেম। আজকের ব্যস্ত ও যান্ত্রিক পৃথিবীতে ভালোবাসার বড় অভাব রয়েছে, আর আমাদের এই ছবি সেই নিখাদ ভালোবাসার বার্তাটাই দর্শকদের কাছে পৌঁছে দেবে।”
পরিচালক সুরজ বারজাত্যার নতুন এই প্রোজেক্টে আয়ুষ্মান খুরানার নিবেদন এবং তাঁর এমন সাবলীল প্রকাশ এখন বলিপাড়ার অন্দরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।