বোলাররা সব জানত, আমায় বলির পাঁঠা করা হয়েছে!’ আট বছর পর বল বিকৃতি কাণ্ডে মুখ খুলে কোন বোমা ফাটালেন ব্যানক্রফ্ট?

বিতর্ক যেন পিছু ছাড়ছে না! ২০১৮ সালের সেই কুখ্যাত ‘স্যান্ডপেপার গেট’ (Sandpaper Gate) বিতর্ক আজও তাড়িয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। বল বিকৃতির গুরুতর অভিযোগে সেই সময়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং তরুণ ব্যাটার ক্যামেরন ব্যানক্রফ্টকে দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। তবে ঘটনার আট বছর কেটে গেলেও সেই ক্ষত যে এক বিন্দুও শুকায়নি, তার প্রমাণ মিলল ফের একবার। সম্প্রতি উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার পরেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে বল বিকৃতি নিয়ে নতুন করে আগুন জ্বলে ওঠে।

কামিন্সের দাবি ও নতুন তদন্ত কমিটি

গত আট বছর ধরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই বিতর্কিত টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার যে বোলাররা অংশ নিয়েছিলেন—যাঁরা পরবর্তীতে বিশ্ব ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ হিসেবে খ্যাত হয়েছেন—সেই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং নাথান লায়ন বরাবরই দাবি করে এসেছেন যে, বল যে বিকৃত করা হচ্ছে তা তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি।

এই পুরোনো বিতর্ক চিরতরে ধামাচাপা দেওয়ার লক্ষ্যেই গত শুক্রবার অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স একটি ম্যারাথন ৭০ মিনিটের সাংবাদিক সম্মেলন করেন এবং ফের একই দাবি করেন। কিন্তু তাতেও জল গলেনি। প্রাথমিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনার নতুন করে কোনো তদন্তের প্রয়োজন নেই বলে দাবি করলেও, সাম্প্রতিক তীব্র চাপে বাধ্য হয়ে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান তৈরি করেছে। সমস্ত খেলোয়াড়দের থেকে নতুন করে এই ঘটনার বিবরণ শোনার পরই এবার মুখ খুলেছেন খোদ মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট (Cameron Bancroft)।

কামিন্সের বিরুদ্ধে গুরুতর বিশ্বাসঘাতকতার অভিযোগ

ক্যাপ্টেন প্যাট কামিন্সের সমস্ত দাবি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ৩৩ বছর বয়সি ব্যানক্রফ্ট বিস্ফোরক দাবি করেছেন যে, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি ড্রেসিংরুমের দুয়েকজন নয়, বরং দলের সকলেই জানতেন! কামিন্সের সেই সাফাইমূলক সাংবাদিক সম্মেলন দেখার পর তাঁর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান ব্যানক্রফ্ট।

তাঁর স্পষ্ট কথা, “(কামিন্সের বক্তব্য শুনে) আমার প্রচণ্ড রাগ হয়েছে। মনে হয়েছে আমাকে একা ফেলে দেওয়া হয়েছে এবং আমার সঙ্গে মারাত্মক বিশ্বাসঘাতকতা করা হয়েছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং আমি—আমরা কেবল এই তিনজন নই, দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার ব্যবহারের আসল সত্যটা দলের প্রত্যেকেই জানতেন।”

ব্যানক্রফ্ট আরও জানান যে, প্রাথমিক তদন্তের সময় সতীর্থদের বাঁচানোর জন্য তিনি নিজে কতদিন ধরে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে—এই সমস্ত সংবেদনশীল তথ্য ইচ্ছা করেই আড়াল করেছিলেন। তাঁর মতে, এই একটিমাত্র ঘটনা তাঁর গোটা আন্তর্জাতিক কেরিয়ারটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে।

বোলারদের ফিডব্যাক ও কোচদের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ব্যানক্রফ্টের দাবি, প্যাট কামিন্সরা কেবল স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেনই তাই নয়, বরং ব্যানক্রফ্ট সঠিকভাবে স্যান্ডপেপার ব্যবহার করে নিজের কাজটা ঠিকঠাক করছেন কি না, তার ফিডব্যাকও তাঁরা নিয়মিত নিতেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিয়মিত ফাস্ট বোলারদের সঙ্গে বল কেমন আচরণ করছে, সেই বিষয়ে আলোচনা করতাম। আমাকে তো কথা বলতেই হতো। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং মিচেল মার্শ—আমাদের এই পেসারদের সঙ্গেই বলটা যথেষ্ট রিভার্স সুইং হচ্ছে কি না, তা নিয়ে কথা বলতাম।” শুধু তাই নয়, তৎকালীন প্রধান কোচ ড্যারেন লিমান এবং ফাস্ট বোলিং কোচ ডেভিড সাকের পর্যন্ত এই পুরো বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন বলে দাবি করেছেন তিনি। এমনকী সাকের অনেক সময় তাঁকে বলের ওপর আরও ভালো কাজ করার নির্দেশও দিতেন বলে জানান ব্যানক্রফ্ট।

অন্যদিকে, উসমান খাওয়াজার বইতে দাবি করা হয়েছিল যে তিনি এই ঘটনার প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তবে ব্যানক্রফ্ট সেই দাবি খারিজ করে বলেছেন যে, তৎকালীন অস্ট্রেলিয়ান মিডিয়া ম্যানেজার কেট হাচিনসন ছাড়া আর কেউ এই স্যান্ডপেপার ব্যবহারে কোনো আপত্তি তোলেননি। ফলে উসমানের পক্ষে সেই সময় প্রতিবাদ করা সম্ভব ছিল না। পাশাপাশি, তাঁকে সেই সময় সংবাদমাধ্যমে কী বলতে হবে তা আগে থেকেই শিখিয়ে দেওয়া হলেও শেষমেশ তাঁকে ইচ্ছাকৃতভাবে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বলেই ক্ষোভ উগরে দিয়েছেন ব্যানক্রফ্ট। মূল অভিযুক্তের এই বিস্ফোরক বয়ানের পর বিশ্ব ক্রিকেটে যে ফের একবার চরম জলঘোলা শুরু হবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *