‘গো ব্যাক স্লোগান দিয়ে কী হবে!’-কলেজ স্ট্রিটে SFI বুকস্টল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিমান বসু

বই বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট চত্বর। এসএফআই ও এবিভিপি (ABVP)-র দফায় দফায় সংঘর্ষ এবং তুমুল উত্তেজনার মধ্যেই সেখানে বুকস্টল পরিদর্শনে পৌঁছন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সুজন চক্রবর্তী। আর গাড়ি ওঠার ঠিক মুখেই এবিভিপি কর্মীদের প্রবল বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় বর্ষীয়ান এই বাম নেতাকে।

কী ঘটেছিল কলেজ স্ট্রিটে?

বুধবার পৌনে চারটে নাগাদ কলেজ স্ট্রিটে এসএফআই-এর বুক স্টল দেখতে যান বিমান বসু ও সুজন চক্রবর্তী। ছাত্রছাত্রী ও দলীয় কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন সেরে যখন তিনি ফিরে যাচ্ছিলেন, ঠিক তখনই সামনে এসে হাজির হন এবিভিপি-র সদস্যরা। বিমানবাবুকে ঘিরে শুরু হয় জোরদার স্লোগান— ‘পালিয়েছে, পালিয়েছে, বিমান বসু পালিয়েছে!’

এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত মেজাজেই বিমান বসু বলেন, ‘আমাকে গো ব্যাক স্লোগান দিয়ে কী হবে? আমি কি এখানে থাকতে এসেছি নাকি! আমি তো চলেই যাচ্ছি। আমার মিটিং আছে, বুক স্টল দেখে আমি চলে যাচ্ছি।’

বুকস্টল কেন্দ্র করে তুলকালাম ও দুই ছাত্র সংগঠনের সংঘাত

এ দিনের ঘটনার সূত্রপাত সকাল থেকেই। নিয়ম মেনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই বুকস্টল করলেও, এবিভিপি-র পক্ষ থেকেও পাল্টা বুকস্টল খোলার চেষ্টা করা হয়। লালবাজার সূত্রে খবর, এসএফআইয়ের অনুমতি থাকলেও এবিভিপি-র কাছে স্টল বসানোর যথাযথ অনুমতি ছিল না। পুলিশ স্টল সরাতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

উভয় পক্ষের ছাত্রছাত্রীরা বই হাতে মুখোমুখি হয়ে পড়েন। শুরু হয় ব্যাপক ধাক্কাধাক্কি ও রাস্তা অবরোধ। এসএফআইয়ের অভিযোগ, তাঁদের ফ্লেক্স ও মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে এবিভিপি-র দাবি, এসএফআইয়ের বেআইনিভাবে বসা ওই স্টলে স্বামীজিকে অপমান করা হচ্ছে এবং তাঁরা বাংলার মাটিতে মার্কসবাদ বা ‘চিনের দালালদের’ বুকস্টল চলতে দেবেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তৈরি করলেও দুই ছাত্র সংগঠনের তপ্ত স্লোগান ও বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ চরম উত্তেজনা বজায় থাকে কলেজ স্ট্রিট চত্বরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *