কলকারখানার চিমনি আর লোহার শব্দের মাঝেও কীভাবে আলো করে আছেন ইছাপুরের রানি? জানুন ৬১ বছরের ইতিহাস

পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজোর কথা বললেই সবার আগে মাথায় আসে হুগলির চন্দননগর এবং নদীয়ার কৃষ্ণনগরের নাম। তবে এই দুই ঐতিহ্যবাহী শহরের পাশাপাশি প্রাচীন হাওড়া জেলাতেও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে জগদ্ধাত্রী পুজো উদযাপিত হয়। আর এই তালিকার অন্যতম প্রধান আকর্ষণ হল হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙা বালক সংঘের জগদ্ধাত্রী পুজো। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো এবার পা দিল তাদের ৬১ বছরে। সপ্তমীর দিন দেবীর বোধনের মাধ্যমে এই পুজোর সূচনা হলেও, নবমীর এই দিনে গোটা এলাকা মেতে উঠেছে উৎসবের আনন্দে। স্থানীয়দের কাছে দেবী এখানে ‘ইছাপুরের রানি’ হিসেবে অত্যন্ত শ্রদ্ধিতা ও জনপ্রিয়।

জাগ্রত দেবী ও ভক্তদের বিশ্বাস

বালক সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রতিটি মানুষ এই পুজোর সঙ্গে ওপ্রোতভাবে যুক্ত। নবমীর পুজোয় প্রতি বছর এখানে জনস্রোত নামে। বহু মানুষ বিভিন্ন মনস্কামনা নিয়ে মায়ের দরবারে হাজির হন, অনেকে আবার মানত পূরণের জন্য দণ্ডি কাটেন। মহা হোমের সময় পুজো মণ্ডপ চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি।

পুজো কমিটির সহকারী সম্পাদক দেবজিৎ আদক এবং সদস্য শুভজিৎ ভাদুড়ি এই পুজোর ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে জানান, “এই পুজোর সঙ্গে ৬১ বছরের এক গৌরবময় ইতিহাস জড়িয়ে আছে। মহানবমীর এই পবিত্র দিনে মায়ের কাছে বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। আমরা সবসময় বিশ্বাস করি, ভক্তিভরে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। অতীতে বহু মানুষের জীবনে তার বাস্তব প্রতিফলনও দেখা গেছে। কারও চাকরি প্রাপ্তি, তো কারও দুরারোগ্য ব্যাধি মুক্তির মতো অলৌকিক ঘটনাও অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতায় রয়েছে।” তাঁদের কথায়, মায়ের সূর্যের ন্যায় দীপ্তিময় দৃষ্টি এবং সোনায় মোরা রাজকীয় অলংকরণ তাঁকে এক অনন্য রূপ দেয়। লোহার কারখানা আর কর্মব্যস্ততার মাঝে এই ‘রানি মা’ যেন হেমন্তের আমেজে মানুষের সমস্ত মনস্কামনা পূরণ করতে হাজির হন।

পুজোর গণ্ডি পেরিয়ে সামাজিক কর্মকাণ্ড

শুধু শারদীয়া জগদ্ধাত্রী পুজোই নয়, শিয়ালডাঙা বালক সংঘের সদস্যরা সারা বছর ধরেই বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। নিয়মিত রক্তদান শিবির সহ নানা জনহিতকর কার্যকলাপের মাধ্যমে তাঁরা সারা বছরই স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তবে সমস্ত আয়োজনের মাঝেও এই পুজোর ক’টি দিন হাওড়ার ইছাপুর এলাকার মানুষের কাছে বছরের সেরা প্রাপ্তি হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *