বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরাসরি এসি ভলভো বাস! শৌচাগার সহ দুর্দান্ত পরিষেবার ভাড়া কত জানেন?

পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত আরও আরামদায়ক ও সুগম করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হলো নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (AC) ভলভো বাস পরিষেবা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা নাগাদ বেলুড় মঠ থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসীরাও উপস্থিত ছিলেন। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দফতরের কাছে এই বাস পরিষেবা চালুর আবেদন জানানো হয়েছিল। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ভলভো বাসে বিশেষ শৌচাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।

বাস চলাচলের সময় ও রুট

নতুন এই বাসটি প্রতিদিন সকাল ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে যাত্রা শুরু করবে। ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ ও কামারপুকুর হয়ে বাসটি জয়রামবাটি পৌঁছবে। এই সরাসরি রুটের মোট দূরত্ব ১০১ কিলোমিটার। এছাড়াও উচালন এবং বেঙ্গাই হয়ে ১২১ কিলোমিটারের আরেকটি বিকল্প রুটেও বাসটি চলাচল করবে।

অন্যদিকে, জয়রামবাটি থেকে ফিরতি যাত্রা শুরু হবে প্রতিদিন বিকেল ৩টে ৪৫ মিনিটে। দুই প্রান্তের মধ্যে যাতায়াত করতে আনুমানিক চার ঘণ্টা সময় লাগবে।

বাস ভাড়া এবং টিকিট বুকিং পদ্ধতি

এই নতুন ভলভো বাস পরিষেবার ন্যূনতম ভাড়া রাখা হয়েছে ২০ টাকা। বেলুড় মঠ থেকে জয়রামবাটি পর্যন্ত সরাসরি রুটের পুরো ভাড়া ২২০ টাকা। আর উচালন ও বেঙ্গাই হয়ে গেলে ভাড়া পড়বে ২৬৫ টাকা। তবে রাজ্য সরকারের মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের যে প্রকল্প রয়েছে, তার আওতায় এই বাসেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

বিশেষ আকর্ষণ হিসেবে উদ্বোধনের দিন অর্থাৎ ১৮ নভেম্বর সমস্ত যাত্রীর জন্য যাতায়াত ও ফেরার ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে অনলাইনে টিকিট বুকিং শুরু হবে। সরকারি ওয়েবসাইট www.wbtconline.in ছাড়াও RedBus, AbhiBus এবং Paytm-এর মাধ্যমে টিকিট কাটা যাবে। পাশাপাশি অনুমোদিত টিকিট কাউন্টার ও বিক্রেতাদের কাছ থেকেও টিকিট সংগ্রহ করা সম্ভব হবে।

এই বিলাসবহুল এসি বাস পরিষেবা চালু হওয়ায় বেলুড় মঠ, কামারপুকুর ও জয়রামবাটির মতো পবিত্র তীর্থক্ষেত্রগুলিতে যাতায়াতকারী দেশ-বিদেশের পর্যটক, ভক্ত এবং স্থানীয় বাসিন্দারা ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *