চিরকালের মতো ওপারের ঠিকানায়! চলে যাওয়ার পরও জুবিনের জন্মদিনে যেভাবে কেঁদে উঠল গোটা অসম, দেখলে বুক ফেটে যাবে

আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বরেণ্য ‘রাজপুত্র’ জুবিন গর্গের জন্মদিন। তবে শিল্পীর আকস্মিক প্রয়াণের পর আজকের এই দিনটি তাঁর ভক্ত ও অনুগামীদের কাছে অত্যন্ত বেদনাদায়ক ও আবেগঘন; কারণ এটি তাঁর চলে যাওয়ার পর দ্বিতীয় জন্মদিন। প্রিয় শিল্পীর জন্মদিনে শোককে শক্তিতে পরিণত করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ নানা ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন। জুবিন সারাজীবন যেভাবে দেশের জন্য কাজ করতে চেয়েছেন এবং সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁর সেই আদর্শকেই যেন পাথেয় করে এগোচ্ছেন ভক্তরা। আজ জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে অসমজুড়ে যে আবেগের পরিবেশ তৈরি হয়েছে, তা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। অসমের প্রতিটি মানুষের মনে জুবিনের প্রতি যে গভীর ভালোবাসা ও মায়া রয়েছে, তারই প্রকাশ ঘটছে আজকের এই বিশেষ দিনে।
প্রিয় স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আবেগঘন এক শুভেচ্ছা বার্তা লিখেছেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। তিনি লিখেছেন, “আমার স্বামীর জন্মদিনে আমি তাঁর জন্য শুভকামনা জানাই। শুভ জন্মদিন, গোল্ডি… তোমার সুখ ও শান্তির জন্য সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি… তুমি সেরা হয়ে ওঠো!”
অন্যদিকে, জুবিনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি লিখেছেন, “তোমার কণ্ঠস্বর, হৃদয়স্পর্শী সৃষ্টি, ব্যক্তিত্ব আর অগণিত মুগ্ধতা—তুমিই আমাদের জুবিন। জুবিন আমাদের আপনজন, আমরা তাঁকে ভালোবাসি। জুবিনের প্রতি অসমের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ আর আবেগ আমাদের প্রতিটি সত্তায়, প্রতিটি প্রজন্মের হৃদয়ে অনুরণিত হবে… শুভ জন্মদিন জুবিন।” নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে তিনি আরও লেখেন, “৫৩তম জন্মবার্ষিকীতে অসম কেবল একজন কিংবদন্তি শিল্পীকে স্মরণ করছে না, স্মরণ করছে এমন একজনকে যিনি তাঁর সংগীতের মাধ্যমে কোটি কোটি মানুষের পরিবারের একজন হয়ে উঠেছিলেন। জুবিনের প্রতি অসমের এই ভালোবাসা আমাদের দেশের প্রতিটি কোণায় অনুরণিত হতে থাকবে। শুভ জন্মদিন, জুবিন!”
এক বর্ণময় সংগীতজীবনের রূপকথা
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্ম হয়েছিল জুবিনের। তাঁর প্রকৃত নাম ছিল জুবিন বোরঠাকুর এবং বিশ্বখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্কেস্ট্রা কন্ডাক্টর জুবিন মেহতার নামানুসারে তাঁর নামকরণ করা হয়েছিল। তিনি একাধারে ছিলেন সুরকার, গীতিকার, অভিনেতা, পরিচালক ও বহুমুখী প্রতিভা সম্পন্ন সংগীতশিল্পী। অসম ও উত্তর-পূর্ব ভারতের সংগীত জগতের এই মুকুটহীন সম্রাট প্রায় ৪০টি ভিন্ন ভাষায় ৩৮ হাজারের বেশি গান গেয়ে রেকর্ড গড়েছেন। সংগীতের পাশাপাশি তিনি তবলা, গিটার, দোতারা, হারমোনিয়াম ও ম্যান্ডোলিনসহ মোট ১২টি ভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন।
১৯৯২ সালে ‘অনামিকা’ অ্যালবামের হাত ধরে তাঁর পেশাদার সংগীত জীবন শুরু হয়েছিল। এরপর ২০০০ সালে ‘হিয়া দিয়া নিয়া’ সিনেমায় অভিনয় ও সংগীত পরিচালনার মাধ্যমে তিনি বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০০৬ সালে বলিউডের ব্লকবাস্টার ছবি ‘গ্যাংস্টার’-এ তাঁর গাওয়া কালজয়ী ‘ইয়া আলি’ গানটি তাঁকে রাতারাতি দেশ-বিদেশে তুমুল জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
এছাড়াও ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বাতা’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। শুধু বলিউড বা আঞ্চলিক গানই নয়, টলিউডের বাংলা সিনেমাতেও তিনি অসংখ্য অসামান্য গান উপহার দিয়ে গেছেন। যার মধ্যে ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পিয়া রে’ এবং ‘মন মানে না’-এর মতো গানগুলি আজও শ্রোতাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে রয়েছে। জুবিন নেই, কিন্তু তাঁর সৃষ্টি ও ভালোবাসার উত্তরাধিকার আজও সমানভাবে বেঁচে রয়েছে কোটি কোটি ভক্তের হৃদস্পন্দনে।