এয়ারপোর্টে চরম বিশৃঙ্খলা! ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট বিলম্ব ও বাতিলের জেরে স্পাইসজেট নিয়ে হুড়মুড়িয়ে বাড়ছে উদ্বেগ

দেশের বিমান পরিষেবায় স্পাইসজেটকে ঘিরে উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে। কখনও ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইটের বিলম্ব, আবার কখনও একেবারে শেষ মুহূর্তে উড়ান বাতিল—সব মিলিয়ে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সংস্থার একাধিক ফ্লাইট দেরিতে চলায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। অন্যদিকে, বাগডোগরা থেকে আহমেদাবাদগামী একটি বিমান বাতিল হওয়ায় আটকে পড়েন প্রায় ৫০ থেকে ৭০ জন যাত্রী। তাঁদের প্রধান অভিযোগ, সময়মতো বাতিলের কোনো খবর দেওয়া হয়নি। এমনকি বিকল্প বিমান বা হোটেলের ব্যবস্থাও তাঁদের নিজেদের উদ্যোগেই করতে হয়েছে।
একের পর এক পরিচালনগত সমস্যায় জর্জরিত স্পাইসজেট
গত কয়েক মাস ধরে তীব্র পরিচালনগত সমস্যার মুখে পড়েছে এই বিমান সংস্থাটি। বিমানবন্দরের বকেয়া শুল্ক, কর্মীদের বেতন দিতে দেরি, তীব্র ক্রু সঙ্কট এবং বহু বিমান বসে থাকার মতো গুরুতর সমস্যাগুলির সরাসরি প্রভাব পড়ছে দৈনন্দিন পরিষেবায়। সম্প্রতি দুবাই থেকে স্পাইসজেটের চারটি উড়ান বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, বকেয়া অর্থ সময়মতো না মেটানোয় দুবাই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা ‘ডনাটা’ স্পাইসজেটের চেক-ইন পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তাদের কাছে সংস্থার ১.৪ কোটি দিরহামেরও বেশি বকেয়া ছিল বলে দাবি করা হয়েছে।
কর্মীদের বেতন নিয়েও অসন্তোষ ও উদ্বেগ কম নয়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক মাস ধরে নিয়মিত বেতন পেতে দেরি হচ্ছে কর্মীদের। এর জেরে অভ্যন্তরীণ কর্মী ও ক্রু সঙ্কট আরও প্রকট হয়েছে। এমনকি কর্মীসংকটের জেরে দিল্লি বিমানবন্দর থেকেও অতীতে স্পাইসজেটের একাধিক উড়ান সময়মতো ছাড়তে পারেনি।
দ্রুত কমছে সচল বিমানের সংখ্যা ও বাজারের অংশীদারিত্ব
পরিসংখ্যান বলছে, স্পাইসজেটের ৬০টি বিমানের মধ্যে একসময়ে মাত্র ১২টি সচল ছিল। অক্টোবরের শেষে ২০টির বেশি বিমান নথিভুক্ত থাকলেও কার্যত কার্যকর ছিল মাত্র ১১টি। প্রতিদিন প্রায় ৬৫টি উড়ান চালানোর কথা থাকলেও গড়ে ১৫ থেকে ২০টি পর্যন্ত উড়ান বাতিল হওয়ার অভিযোগ উঠছে। পাশাপাশি, বেশ কিছু উড়ানে তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ বিলম্বের ঘটনাও সামনে এসেছে।
সংস্থার বাজারের অংশীদারিত্বেও বড় ধস নেমেছে। রয়টার্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহণের বাজারে ২০১৯ সালে স্পাইসজেটের হিস্যা প্রায় ১৫ শতাংশ থাকলেও, ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৬ শতাংশে।
৯ হাজার কোটি টাকার বেশি লোকসানের বোঝা
স্পাইসজেটের আর্থিক অবস্থাও বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। সংস্থার মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা এবং দেনার পরিমাণ ৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া টিডিএস, জিএসটি এবং কর্মীদের প্রভিডেন্ট ফান্ড-সহ বিভিন্ন খাতে ৬০০ থেকে ৬৫০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি।
অথচ গত কয়েক বছরে সংস্থাটি বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে ৭৪৪ কোটি টাকা এবং ওই বছরের সেপ্টেম্বরে কিউআইপির মাধ্যমে প্রায় ৩,০০০ কোটি টাকা তোলা হয়েছিল। সরকারি ঋণ সহায়তা এবং ঋণ পুনর্গঠনের সুবিধা পেলেও আর্থিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় প্রশ্ন উঠছে যে, সংগৃহীত সেই অর্থ ঠিক কীভাবে ব্যবহার করা হয়েছে।
শেয়ার বাজারে চাপ ও আইনি জটিলতা
নির্দিষ্ট সময়ে আর্থিক ফলাফল জমা না দেওয়ায় শেয়ার বাজারেও স্পাইসজেটের ওপর চাপ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ফলাফল জমা না দিলে বম্বে স্টক এক্সচেঞ্জ কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।
এরই পাশাপাশি প্রাক্তন নিয়ন্ত্রক কালানিধি মারান ও তাঁর সংস্থা কেএএল এয়ারওয়েজের সঙ্গে আইনি বিবাদও চলছে জোরকদমে। সম্প্রতি দিল্লি হাই কোর্ট ১৪৪.৫১ কোটি টাকা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে স্পাইসজেটের আবেদন খারিজ করে দিয়েছে।
এই সব প্রতিকূল পরিস্থিতির মধ্যে আজ পরিচালন পর্ষদের বৈঠকে নতুন করে মূলধন সংগ্রহের প্রস্তাব বিবেচনা করার কথা রয়েছে স্পাইসজেটের। ইক্যুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার বা কিউআইপির মাধ্যমে নতুন করে অর্থ তোলার পরিকল্পনা রয়েছে সংস্থার। এখন দেখার বিষয় হলো, নতুন এই অর্থনৈকি জোগান পেলে সংস্থাটি ঘুরে দাঁড়াতে কতটা সফল হয়।