‘এগুলো হারের হতাশা, মানুষ শোকজ করেছে!’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুলোধনা দিলীপের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আদালত সংক্রান্ত মন্তব্য এবং বিচারব্যবস্থা নিয়ে তোপ দাগাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই প্রসঙ্গে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, রাজনৈতিকভাবে ক্ষমতা চলে যাওয়ার পরই অনেকে এ ধরনের বেপরোয়া ও হতাশাজনক মন্তব্য করে থাকেন।
অভিষেকের মন্তব্য নিয়ে যা বললেন দিলীপ ঘোষ
অভিষেকের নাম না করে দিলীপ ঘোষ বলেন, “এই বিরোধী পক্ষ যখন হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন বিচারব্যবস্থা ও ইলেকশন কমিশনকে নিয়ে উল্টো-পাল্টা বলতে শুরু করে। যে সমস্ত সাংবিধানিক ব্যবস্থার ওপর আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে, সেগুলোকে টার্গেট করা মানে দেশকে দুর্বল করা। এরা যতক্ষণ জিততে থাকেন, ততক্ষণ বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশন সব ঠিক থাকে। কিন্তু হারতে শুরু করলেই প্রশ্ন তুলতে শুরু করেন।”
দিলীপ আরও বলেন, “এঁরা যখন ক্ষমতায় থাকেন, তখন কারও কোনো গণতান্ত্রিক অধিকার মানেন না। বিচারব্যবস্থাকেও তোয়াক্কা করেন না। এখন চাইছেন উনি যা ইচ্ছা করবেন আর বিচারব্যবস্থা ওনাকে বাঁচাবে, কোনো সাজা হবে না—এটা তো চলতে পারে না! সাধারণ মানুষ তো আগেই শোকজ করেছে, তারপরেও কেন এই ধরনের মন্তব্য?”
বাংলাদেশ পরিস্থিতি ও চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গ
এদিনের সাক্ষাৎকারে প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং চিন্ময় কৃষ্ণ দাসের জেল বদল ও হিন্দু নির্যাতনের প্রসঙ্গও উঠে আসে। বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “সেখানে এই মুহূর্তে চরম অরাজকতা ও নৈরাজ্য চলছে। ঘরছাড়া করার একটা চেষ্টা চলছে। চিন্ময় বাবু আজ আন্তর্জাতিক একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের হিন্দু সমাজ তাঁর দিকে তাকিয়ে আছে। তিনি জান বাজি রেখে লড়াই করেছেন এবং সারা বিশ্ব চাইছে তাঁর সম্মান ও সুরক্ষা নিশ্চিত হোক।”
পাশাপাশি, বাংলাদেশের বারবার অগ্নিগর্ভ হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি মন্তব্য করেন, “কেন গণতান্ত্রিক সরকার এসেও বাংলাদেশকে কন্ট্রোল করতে পারছে না? বাসে আগুন, থানায় আগুন দেওয়া হচ্ছে! আসলে কোনো মুসলিম দেশেই গণতন্ত্র স্থায়ী হয় না। পাকিস্তান বা বাংলাদেশ—দুটি দেশই তার প্রমাণ।” সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তানে সংখ্যালঘুরা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন বাংলাদেশেও সেই একই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে শেখ হাসিনাকে তাড়ানোর পর অবাধে অত্যাচার চালানো যায়।”
পশ্চিমবঙ্গে এনকাউন্টার ও আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা
পশ্চিমবঙ্গে এনকাউন্টার বা পুলিশের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “পরিস্থিতি অনুযায়ী এগুলোর প্রয়োজন রয়েছে। এখানে আইন মানার অভ্যাস নেই। আইন ও পুলিশকে চ্যালেঞ্জ করাটা ফ্যাশনে পরিণত হয়েছে। এখনো বড় বড় নেতারা সেই রকমই স্টেটমেন্ট দিচ্ছেন। আইন ও আদালতের বিরুদ্ধে যাওয়াটা আমাদের পশ্চিমবঙ্গের ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে মানুষকে লাইনে আনতে সময় লাগবেই। কিন্তু যে পুলিশ বা সাধারণ মানুষকে গুলি মারছে, তাকে তো সমাজে খোলা ছেড়ে রাখা যায় না।”