মাইক্রোসফটের পর এবার বিপাকে অ্যাপল! হঠাত্ বন্ধ আইক্লাউড ও অ্যাপ স্টোর, চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা

দিনকয়েক আগেই মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) পরিষেবায় বড়সড় বিভ্রাটের জেরে নাজেহাল হয়েছিলেন ব্যবহারকারীরা। সেই ধাক্কা কাটতে না কাটতেই এবার প্রযুক্তি দুনিয়ায় ফের বড় বিপর্যয়। বিশ্বজুড়ে হঠাৎই বড় ধরনের বিভ্রাটের মুখে পড়ল টেক জায়ান্ট অ্যাপল (Apple)।

কোন কোন পরিষেবা বন্ধ রয়েছে?

গত রবিবার রাত থেকেই মূলত এই সমস্যার সূত্রপাত হয়। সোশাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেও বহু অ্যাপল ব্যবহারকারী আইক্লাউড (iCloud), অ্যাপ স্টোর (App Store), অ্যাপল মিউজিক (Apple Music), অ্যাপল পে (Apple Pay) এবং অ্যাপল কেয়ার (Apple Care)-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি ব্যবহার করতে গিয়ে তীব্র সমস্যার মুখে পড়েন।

বিশেষ করে অ্যাপল পে, অ্যাপল ওয়েব এবং অ্যাপল কানেক্ট ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েন। বহু ইউজারের অভিযোগ, তাঁদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে আপনাআপনি লগ আউট হয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন রিটেল স্টোর, পরিষেবা কেন্দ্র তথা ডিজিটাল পেমেন্ট সিস্টেমেও বড় ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়।

কী জানাল অ্যাপল?

সার্ভার ডাউন হওয়ার পর বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে যখন শোরগোল শুরু হয়, তখন পরিস্থিতি সামাল দিতে আসরে নামে অ্যাপল কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ একটি সিস্টেম আপডেটের কারণেই মূলত এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছিল। তবে ঠিক কী ধরনের ত্রুটির কারণে পরিষেবাগুলি এভাবে ব্যাহত হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনার নেপথ্যে কোনো রকম সাইবার হানার ঘটনা নেই বলে স্পষ্ট করে দিয়েছে অ্যাপল।

পাশাপাশি গুগলেও সমস্যা?

বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের এই গোলযোগের সময়েই গুগলের কিছু ব্যবহারকারীও লগ ইন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। যদিও গুগল অফিশিয়ালি কোনো বড় ধরনের পরিষেবা বিপর্যয়ের কথা স্বীকার করেনি। তবে পরপর মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রথম সারির টেক জায়ান্টগুলির অভ্যন্তরীণ গোলযোগে যে সাধারণ গ্রাহকরাই চরম বিপাকে পড়ছেন, তা নিয়ে এখন প্রযুক্তি মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *