সকালে রুটি হয়ে যায় পাথরের মতো শক্ত? এই ছোট্ট ট্রিকসে বাসি রুটিও থাকবে একেবারে তুলতুলে নরম ও টাটকা

ভারতীয় পরিবারগুলিতে রাতের খাবারের পর প্রায়শই এক-দুটি রুটি বেঁচে যায়। কখনও কখনও এগুলো পরের দিন সকালে ব্রেকফাস্ট হিসেবে খাওয়া হয়, আবার কখনও নতুন কোনও খাবার তৈরিতে ব্যবহার করা হয়। তবে রুটি সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। খোলা অবস্থায় রেখে দিলে সকালে রুটি শক্ত ও শুষ্ক হয়ে যেতে পারে। আবার ভুলভাবে সংরক্ষণ করলে রুটিতে আর্দ্রতা জমে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বেঁচে যাওয়া রুটি কীভাবে সংরক্ষণ করবেন, যাতে পরের সকাল পর্যন্ত সেগুলোর গুণমান অটুট থাকে, তা দেখে নিন এক নজরে।
বেঁচে যাওয়া রুটি যেভাবে সংরক্ষণ করবেন
-
সম্পূর্ণ ঠান্ডা করুন: প্রথমে বেঁচে যাওয়া রুটিগুলোকে পুরোপুরি ঠান্ডা হতে দিন। গরম রুটি সরাসরি কোনও পাত্রে রাখবেন না, এতে ভিতরে ভাপ আটকে যায়, যার ফলে রুটিতে আর্দ্রতা জমতে পারে।
-
বায়ুরোধী পাত্রের ব্যবহার: রুটিগুলি ঘরের তাপমাত্রায় চলে এলে সেগুলিকে একটি পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী (এয়ারটাইট) পাত্রে রাখুন ৷ খেয়াল রাখবেন যেন পাত্রের ভিতরে কোনও জল বা আর্দ্রতা না থাকে। সবশেষে, পাত্রটির মুখ ভালোভাবে আটকে ফ্রিজে রেখে দিন।
রুটি কি ফ্রিজে রাখা জরুরি?
যদি পরের দিন সকালে রুটিগুলি ব্যবহার করতে চান, তবে সেগুলিকে রান্নাঘরের বাইরে ফেলে না রেখে ফ্রিজে রাখাই ভালো। গরম ও ভ্যাপসা আবহাওয়ায় এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঘরের তাপমাত্রায় রাখা রুটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। রেফ্রিজারেটরে দীর্ঘ সময় রুটি রেখে দিলে তা কিছুটা শক্ত হয়ে যেতে পারে, তবে সঠিকভাবে পুনরায় গরম করলে এর আগের কোমলতা অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব।
রুটি সংরক্ষণের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
-
সব সময় পরিষ্কার ও শুকনো হাতে রুটি ধরুন।
-
গরম রুটি সরাসরি বায়ুরোধী পাত্রে রাখবেন না।
-
রুটিগুলো যেন একে অপরের সঙ্গে লেগে না যায়, সেজন্য সেগুলোর মাঝে পরিষ্কার বাটার পেপার রাখতে পারেন।
-
রেফ্রিজারেটরে রুটি রাখার জন্য পরিষ্কার ও শুকনো পাত্র ব্যবহার করুন।
-
বারবার ফ্রিজ থেকে রুটি বের করা এবং আবার ভিতরে রাখা থেকে বিরত থাকুন।
-
যদি রুটিতে ছত্রাক (মোল্ড) দেখা দেয়, অস্বাভাবিক গন্ধ পাওয়া যায় বা রুটি আঠালো হয়ে যায়, তবে তা একেবারেই খাবেন না।
ফ্রিজ থেকে বের করার পর রুটি যেভাবে নরম করবেন:
রুটি খাওয়ার সময় তা তাওয়ায় অল্প আঁচে গরম করে নিতে পারেন। অথবা, রুটির উপর সামান্য জল ছিটিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রাখতে পারেন, এতে রুটির আর্দ্রতা ফিরে আসে। মাইক্রোওয়েভ ব্যবহার করলে, রুটিগুলি একটি পরিষ্কার ও সামান্য ভেজা কাপড়ে জড়িয়ে অল্প সময়ের জন্য গরম করে নিন।
বেঁচে যাওয়া রুটি অনেক দিন সংরক্ষণ না করে পরের দিনই খেয়ে ফেলা সবচেয়ে ভালো। সঠিকভাবে সংরক্ষণের পাশাপাশি, খাওয়ার আগে সবসময় রুটির গন্ধ ও গঠন (টেক্সচার) পরীক্ষা করে নিন। সামান্য বাড়তি সতর্কতা খাবার অপচয় কমাতে সাহায্য করবে এবং আপনার সকালের রান্নাঘরের কাজকে আরও সহজ করে তুলবে।