নেতাজি ইন্ডোরে ১২ হাজার কণ্ঠে ৫ লক্ষ বার হনুমান চালিশা! শুভেন্দুর হুঙ্কারে কাঁপল শহর?

আজ মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘সনাতন ভাইবস’ শীর্ষক এক ঐতিহাসিক ও বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন বৈভব, রামানন্দ মিশন এবং মহারাজা অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৭,০০০ শিক্ষার্থী ও ভক্তদের সমবেত পাঠের মাধ্যমে মোট ৫ লক্ষ বার হনুমান চালিশা পাঠের সংকল্প নেওয়া হয়। এদিনের এই জমায়েত থেকেই রাজ্যের আগামী প্রজন্ম এবং বিরোধীদের উদ্দেশে অত্যন্ত জোরালো ও আক্রমণাত্মক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের বিরোধী ও রাম মন্দির বিরোধীদের কঠোর ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘দেশের ভোটে যারা জেতেনি, গীতা পাঠ ও হনুমান চালিশা পাঠের বিরোধিতা করে এবং রাম মন্দির নির্মাণের বিরোধিতা করে, তারা সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের উপযুক্ত জবাব দিতে হবে ভোটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের ‘মন্দির’ থেকে।’’
যুবসমাজ ও পূর্বতন সরকারগুলিকে নিশানা ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ‘বিশ্বগুরু’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে শুভেন্দুর মুখে শোনা যায় জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ। বর্তমান সরকার যুবসমাজের কল্যাণে কাজ করবে বলে আশ্বাস দিয়ে তিনি বিগত বাম ও তৃণমূল সরকারকে এক ব্র্যাকেটে ফেলে তীব্র আক্রমণ করেন। কমিউনিস্টরা নিজেদের নাস্তিক বলে বাংলায় হনুমান চালিশা বা ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র পাঠ নিষিদ্ধ করতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি, রাম মন্দির প্রতিষ্ঠার সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর পার্ক-সার্কাস ময়দান থেকে রাম মন্দির বিরোধী স্লোগান এবং মহা কুম্ভকে ‘মৃত্যু কুম্ভ’ বলে কটূক্তি করার পুরোনো প্রসঙ্গও এদিন তুলে আনেন মুখ্যমন্ত্রী।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বক্তব্যের এক পর্যায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘সনাতনের জোর দেখুন! ২০২৫ সালে কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। আর ২০২৬ সালে এসে সেই তাঁকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই মা কালীর আসল শক্তি।’’
আগামী দিনে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মেগা ঘোষণা শুধু হনুমান চালিশা পাঠই নয়, এদিনের মঞ্চ থেকে আগামী দিনে আরও বড় ধর্মীয় অনুষ্ঠানের ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, রামানন্দ মিশনের উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর কলকাতার বুকে আয়োজন করা হবে আরও এক বিশাল কর্মযজ্ঞ—যেখানে একসঙ্গে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে হতে চলা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এদিন নেতাজি ইন্ডোর থেকে সকলকে আমন্ত্রণ জানান তিনি। একই সঙ্গে আগামী জানুয়ারি মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কুণ্ডীয় মহাযজ্ঞ ও রাম কথা পাঠ এবং ফেব্রুয়ারিতে পুরুলিয়ার কুশল পল্লিতে হনুমান কথা কার্যক্রম আয়োজিত হওয়ার কথাও ঘোষণা করেন আয়োজকরা।
শমীক ভট্টাচার্যের হিন্দু ঐক্যের ডাক এদিনের এই মহোৎসবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। অনুষ্ঠান থেকে সমস্ত হিন্দুদের এক হওয়ার জোরালো ডাক দেন তিনি। ধর্মের ভিত্তিতে দেশভাগের প্রসঙ্গ টেনে শমীক বলেন, অতীতে এই কলকাতাতেও হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হয়েছে। শুধু ভারত নয়, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলিতে বিপন্ন হওয়া সমস্ত হিন্দু ভাইবোনদের আজ এক হওয়ার সময় এসে গিয়েছে। সব মিলিয়ে, নেতাজি ইন্ডোরের এই হাই-ভোল্টেজ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শোরগোল পড়ে গিয়েছে।