নাক থেকে সিঁথি পর্যন্ত মেটে সিঁদুর! ছটপুজোয় বাঙালি বউ মিমি দত্তের জমজমাট লুক ভাইরাল

বাংলা সিরিয়াল ও টলিউডের চেনা মুখ মিমি দত্ত এবং ওম সাহানি। পেশাগত দিক থেকে দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। স্ত্রী বাঙালি হলেও স্বামী অবাঙালি। আর সেই সূত্রেই প্রতিবছর মহাসমারোহে ছটপুজো উদযাপন করতে দেখা যায় অভিনেত্রী মিমি দত্তকে। পুজোর নানা রীতিনীতি থেকে শুরু করে সুস্বাদু ঠেকুয়া তৈরি, সবেতেই হাত লাগান তিনি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছটপুজো উদযাপনের ছবি শেয়ার করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
বাঙালি পরিবারে জন্ম হলেও অবাঙালি পরিবারে বিয়ের পর থেকেই ছটপুজোর সংস্কৃতির সঙ্গে ওপ্রোতভাবে জড়িয়ে গেছেন মিমি। তবে তিনি নিজে উপোস করেন না। ওমের মা এবং বৌদি এই ব্রত পালন করেন, আর মিমি পুরো উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। প্রতিবছরই এই বিশেষ দিনে তিনি ঘাটে যান এবং শ্বশুরবাড়িতে ঠেকুয়া তৈরির কাজে হাত লাগান। মিমির হাতের বা তাঁর শ্বশুরবাড়ির ঠেকুয়ার দারুণ চাহিদা রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেও। বহু মানুষ ফোন করে তাঁর কাছে এই ঠেকুয়ার আবদার করেন। তবে মিমি জানান, তাঁর শাশুড়ি মায়ের হাতের ঠেকুয়া সবচেয়ে ভালো।
এদিন ছটপুজোর দিনে লাল শাড়িতে সেজেছিলেন মিমি। নাক থেকে টেনে মেটে সিঁদুর পরতে দেখা যায় তাঁকে। হাতে মাটির চুড়ির পাশাপাশি ছিল শাঁখাও। শুধুমাত্র এই ছটপুজোতেই তিনি এই মেটে সিঁদুর পরেন, বাকি দিনগুলিতে লাল সিঁদুরই তাঁর পছন্দ। বিয়ের পর এই সংস্কৃতি তাঁর কাছে একেবারে নতুন ঠেকলেও এখন তিনি তা সম্পূর্ণ নিজের করে নিয়েছেন।
উল্লেখ্য, রূপসী বাংলার ‘আলোর বাসা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন ওম সাহানি এবং মিমি দত্ত। তখন তাঁরা শুধুই সহকর্মী ছিলেন। ধারাবাহিক শেষ হওয়ার পর যোগাযোগও কিছুদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ২০১৭ সালে ফের দেখা হয় তাঁদের। দীর্ঘদিনের সেই ভালোলাগা শেষ পর্যন্ত ভালোবাসায় রূপ নেয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় দুজনেই দারুণভাবে সক্রিয় এবং তাঁদের রিলস ভিডিওগুলি দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। দুর্গাপুজো থেকে দীপাবলি, সমস্ত উৎসবের পাশাপাশি ছটপুজোতেও ওম-মিমির এই আনন্দঘন মুহূর্ত অনুরাগীদের মন কেড়ে নিয়েছে।