নাম যার অর্থ ‘শয়তান’! ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড়, বাংলায় কি বইবে দুর্যোগের ঝড়?

ঠিক যখন জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় দিন গুনছিল রাজ্যবাসী, ঠিক তখনই আবহাওয়ার ছক ওলটপালট করে দিতে আসছে এক নতুন বিপদ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে রূপ নিতে চলেছে ভয়ংকর ঘূর্ণিঝড়ের। যার নাম দেওয়া হয়েছে ‘আকভান’। এই নামের অর্থ শুনলেই গায়ে কাঁটা দিতে পারে, কারণ ফার্সি ভাষায় এর অর্থ শয়তান। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে সিস্টেমটি বেশ শক্তি সঞ্চয় করছে এবং এর পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়াতেও।
কোথায় এবং কখন আছড়ে পড়বে আকভান?
আবহাওয়া দফতরের তথ্য বলছে, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির কাছ থেকে এটি ধীরে ধীরে বাঁক নেবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝে, নেল্লোর ও তুনি-র কাছাকাছি এলাকায় এটি স্থলভাগে বা ল্যান্ডফল করতে পারে। সেই সময় এই ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। এমনকি দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। ফলে উপকূলবর্তী অঞ্চলে বড়সড় সতর্কবার্তা জারি করা হয়েছে।
বাংলায় কেমন প্রভাব পড়বে? কী বলছে পূর্বাভাস?
ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় না আছড়ে পড়লেও এর জেরে রাজ্যের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ১৮ নভেম্বর, বুধবার থেকেই আবহাওয়ার পটপরিবর্তন শুরু হতে পারে।
-
১৮ নভেম্বর (বুধবার): উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
-
১৯ নভেম্বর (বৃহস্পতিবার): বৃষ্টির পরিধি বাড়বে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
-
২০ নভেম্বর (শুক্রবার): দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।
-
২১ ও ২২ নভেম্বর (শনিবার ও রবিবার): দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বজায় থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। ১৭ ও ১৮ নভেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা বৃষ্টি হলেও আগামী ২৩ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। শীতের আমেজে বৃষ্টির এই মেঘ কাটতে কতদিন সময় নেবে, এখন সেটাই দেখার।