আরামদায়ক কর্পোরেট জীবনকে না বলে ঘি-তেলের ব্যবসা! মেঝেতে বসে অর্ডার প্যাক করা সেই যুবকের কোম্পানি আজ কোথায় পৌঁছেছে?

উচ্চ বেতনের কর্পোরেট চাকরি ছেড়ে জীবন সম্পূর্ণ বদলে ফেলার গল্প সিনেমার পর্দার বাইরেও বাস্তবে ঘটে। উত্তরপ্রদেশের হাথরাসের এক কৃষক পরিবারের ছেলে কুলদীপ পারেওয়া প্রমাণ করেছেন যে অদম্য ইচ্ছা এবং সঠিক পরিকল্পনা থাকলে নিজেদের মতো করে নতুন পথ তৈরি করা সম্ভব। গোল্ডম্যান স্যাক্সের মতো বহুজাতিক সংস্থার আরামদায়ক চাকরি ছেড়ে তিনি বেঙ্গালুরুর একটি ছোট ফ্ল্যাট থেকে যে ব্যবসা শুরু করেছিলেন, আজ তা ১,০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছানোর পথে।
সাধারণ পরিবার থেকে আইআইটি এবং গোল্ডম্যান স্যাক্স
কুলদীপের পথচলাটা মোটেও সহজ ছিল না। উত্তরপ্রদেশের হাথরাসের একটি সাধারণ কৃষক পরিবারে তাঁর জন্ম। পড়াশোনায় অত্যন্ত মেধাবী কুলদীপ আইআইটি গুয়াহাটি থেকে পাশ করার পর প্রখ্যাত আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে একটি লোভনীয় চাকরি পান। মাসকাবারি মোটা মাইনে এবং বিলাসবহুল জীবনযাত্রা—সবকিছুই হাতের মুঠোয় ছিল। কিন্তু নিজের ভেতরে কিছু একটা করার তাগিদ তাঁকে অন্য পথ খুঁজতে বাধ্য করে। কর্পোরেট জীবনের ঘেরাটোপ ছেড়ে নিজের কিছু একটা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।
২ বিএইচকে ফ্ল্যাটই ছিল প্রথম অফিস
২০২০ সালে কুলদীপ তাঁর আইআইটি গুয়াহাটির দুই বন্ধু অখিল কানসাল এবং আয়ুশি খান্ডেলওয়ালের সঙ্গে হাত মিলিয়ে ‘অন্বেষণ’ (Anveshan) নামের একটি স্টার্টআপ শুরু করেন। মজার বিষয় হলো, এই বিশাল ব্যবসার সূচনা হয়েছিল বেঙ্গালুরুর ইন্দিরানগরের একটি সাধারণ দুই কামরার ফ্ল্যাট থেকে।
সেই ফ্ল্যাটের এক ঘরে কোম্পানির জিনিসপত্র রাখা হতো, বসার ঘরটি ব্যবহার করা হতো প্যাকিংয়ের জন্য, আর ড্রয়িং রুমটি হয়ে উঠেছিল গুদাম। সর্ষের তেলের ক্যান আর ঘিয়ের প্যাকেটভর্তি ফ্ল্যাটের মেঝেতে তিন প্রতিষ্ঠাতা নিজেরাই বসে প্রতিদিন অন্তত দুশোটি অর্ডার প্যাক করতেন। লোকবল কম থাকায় তাঁরা নিজেরা স্কুটারে করে স্থানীয় দোকানগুলিতে সেই প্যাকেট পৌঁছে দিতেন।
দেশি ঘি ও কোল্ড প্রেসড তেলের ওপর ভরসা
বাজারে যখন একাধিক নামী ব্র্যান্ডের ভিড়, তখন কুলদীপ ও তাঁর সঙ্গীরা এমন কিছু করতে চেয়েছিলেন যা খাঁটি এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে উপকারী। তাঁরা দেশীয় পদ্ধতিতে তৈরি খাঁটি দেশি ঘি এবং কোল্ড প্রেসড তেলের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। কেমিক্যালমুক্ত এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি এই পণ্যের গুণমান দ্রুত ক্রেতাদের মন জয় করে নেয়।
শুরুর সেই ছোট্ট ফ্ল্যাটের গণ্ডি পেরিয়ে আজ ‘অন্বেষণ’-এর ব্যবসার পরিধি সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। পণ্যের পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কোম্পানি এখন ১,০০০ কোটি টাকার মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কর্পোরেট চাকরির নিরাপত্তা ছেড়ে একদল তরুণের এই ঝুঁকি নেওয়া যে কতটা সফল হতে পারে, কুলদীপ পারেওয়ার এই যাত্রা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।