আধ্যাত্মিক জগতে বড় ধাক্কা! ৯০ বছর বয়সে জীবনাবসান রামকৃষ্ণ মঠের সহ-সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দের

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রশাসনিক এবং বৌদ্ধিক পরিসরে নেমে এল গভীর শোকের ছায়া। সোমবার দুপুরে বৃন্দাবনের একটি চিকিৎসাকেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংঘের প্রবীণ সহ-সংঘাধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে দেশজুড়ে ছড়িয়ে থাকা অগণিত ভক্ত, অনুগামী এবং সন্ন্যাসী মহলে নেমে এসেছে শোকের আবহ। আগামী মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বৃন্দাবনেই তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে বলে মঠ সূত্রে জানানো হয়েছে।

মহারাজের মহাপ্রয়াণের খবর সামনে আসার পরেই গভীর শোকপ্রকাশ করেছে বেলুড় মঠ। সংঘের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ এক বার্তায় জানিয়েছেন, ভজনানন্দজি মহারাজের প্রস্থানে যে শূন্যতা তৈরি হলো, অদূর ভবিষ্যতে তা পূরণ করা অত্যন্ত কঠিন। দীর্ঘ সাধনা, গভীর অধ্যয়ন এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা সংঘের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, রামকৃষ্ণ মঠ ও মিশনের এই প্রবীণ সন্ন্যাসীর প্রয়াণ আধ্যাত্মিক জগতের এক অপূরণীয় ক্ষতি। শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ প্রচার এবং মানবসেবায় তাঁর আজীবন ত্যাগ ও নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে। বেলুড় মঠের সন্ন্যাসীগণ ও অগণিত ভক্তবৃন্দের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

আধুনিক যুগে রামকৃষ্ণ ভাবান্দোলনের দার্শনিক ভিত্তি মজবুত করার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন স্বামী ভজনানন্দ। কেবল প্রশাসনিক দায়িত্ব সামলানোই নয়, নবীন সন্ন্যাসীদের মনন গঠনেও তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। বেলুড় মঠের প্রশিক্ষণ কেন্দ্রে টানা তিন দশক ধরে তিনি আচার্যের দায়িত্ব পালন করেছেন। সেখানে বেদান্ত, যোগদর্শন এবং তুলনামূলক ধর্মতত্ত্বের পাঠ দিয়ে তিনি তরুণ প্রজন্মকে ঋদ্ধ করেছেন। সংস্কৃত শাস্ত্রের পাশাপাশি খ্রিস্টীয় ধর্মতত্ত্বেও তাঁর অগাধ পাণ্ডিত্য সংঘের বৌদ্ধিক চর্চাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *