থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন! ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ ১১, মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য

ছুটির মেজাজে থাকা জনপ্রিয় পর্যটনকেন্দ্রে নেমে এল এক গভীর শোকের ছায়া। থাইল্যান্ডের ফুকেত দ্বীপে একটি বাণিজ্যিক বহুতলে লাগা ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। রবিবার গভীর রাত তথা সোমবার ভোরের এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আগুনে পুড়ে যাওয়ার পাশাপাশি অনেকেরই বেঘোরে প্রাণ গেছে ধোঁয়া ও তীব্র শ্বাসকষ্টে। এই ভয়াবহ দুর্ঘটনায় থাইল্যান্ডের পর্যটনকেন্দ্রগুলির অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
ঠিক কী ঘটেছিল সেই রাতে? সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর প্রায় ৩টে ১৭ মিনিটে ফুকেতের পশ্চিম উপকূলে পাটং বিচের কাছে একটি চারতলা বাণিজ্যিক ভবনে হঠাৎ আগুন লেগে যায়। প্রথমে একটি গাড়ি ভাড়ার অফিস বা বাণিজ্যিক জায়গা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন লেলিহান শিখার মতো দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক বিল্ডিংয়ে। ওই চারতলা ভবনে একটি রেস্তরাঁ এবং বেশ কিছু ভাড়াবাড়িও ছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। প্রায় দু’ঘণ্টার অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন কর্মীরা। এরপর ভবনটির ভিতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আহত ১৬ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় তীব্র শ্বাসকষ্ট এবং বিস্ফোরণ বা ভাঙা কাচের আঘাতে গুরুতর জখম হয়েছেন। এক পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন যে, মৃতদের মধ্যে থাইল্যান্ড ছাড়াও মিয়ানমারের নাগরিকরাও রয়েছেন। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন।
নিরাপত্তা নিয়ে বাড়ছ উদ্বেগ থাইল্যান্ডে বাণিজ্যিক প্রতিষ্ঠান, হোটেল এবং বিনোদনকেন্দ্রগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে এবার বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এর ঠিক চার মাস আগেই ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সে ক্ষেত্রেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে জানিয়েছিল প্রশাসন। এমনকি এর আগে ২০০৯ সালে বর্ষবরণের রাতে ব্যাংককের এক নামী ক্লাবে বিধ্বংসী আগুনে প্রাণ হারিয়েছিলেন ৬৭ জন মানুষ, আহত হয়েছিলেন দুশোরও বেশি। একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনায় পর্যটকদের সুরক্ষা ও সরকারি নজরদারি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।