বন্দুক উদ্ধারের নাটক আর তারপরেই রক্তক্ষয়ী সংঘর্ষ! ঠিক কীভাবে খতম হলো বীরভূমের ত্রাস রতন শেখ?

শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মর্মান্তিক পরিণতি ঘটল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের। নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে ৩৬টি মামলার অভিযুক্ত এই দুষ্কৃতী। পুলিশের ওপর ফের হামলা চালানোর চেষ্টা করায় আত্মরক্ষার্থে পুলিশকে পাল্টা গুলি চালাতে হয় বলে খবর। এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কীভাবে ধরা পড়েছিল রতন শেখ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের কাছ থেকে জামিন ও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর রতনকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেই টিমে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাসও। গত শনিবার বীরভূমের শান্তিনিকেতনের লায়েক বাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। ওই গুলিতে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল রতন। তবে পুলিশও হাত গুটিয়ে বসে থাকেনি; তার খোঁজে এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে নানুর থেকে তাকে আটক করতে সফল হয় পুলিশ।

বন্দুক উদ্ধারের নাটক ও এনকাউন্টার: জেরার মুখে রতন স্বীকার করেছিল যে সে যে বন্দুক থেকে গুলি চালিয়েছিল, তা নানুরের উচকরণ ইটভাটায় লুকিয়ে রাখা রয়েছে। এরপর সেই অস্ত্র উদ্ধারের নাম করেই পুলিশ তাকে সঙ্গে নিয়ে ওই ইটভাটা এলাকায় যায়। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর লুকিয়ে রাখা বন্দুকটি বের করে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রতন। পরিস্থিতি বুঝে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিতে গুরুতর জখম হয় রতন শেখ। দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাক্তন পুলিশকর্তা ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া: এই ঘটনার পর পুলিশের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গুলি যদি বুকে লাগত, তাহলে কনস্টেবলের মৃত্যু হতে পারত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডেড ৩৬টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টিই খুনের মামলা। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগও ছিল। সে ৭ নম্বর খুন করতে উদ্যত হয়েছিল, একজন অত্যন্ত দুর্ধর্ষ আসামী ছিল সে।”

অন্যদিকে, এই এনকাউন্টার প্রসঙ্গে রাজ্যর মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, “পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। বিশ্বজিৎকে যখন গুলি করেছিল, বিশ্বজিতের উচিত ছিল… বিশ্বজিৎ হয়তো সে সময়ে পারেনি, কিংবা সময় দেয়নি। পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?” অপরাধ দমনে রাজ্য প্রশাসন যে আর একচুলও ছাড় দিতে রাজি নয়, এই ঘটনা তারই স্পষ্ট বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *