বড় বিপাকে মার্ক জুকারবার্গের মেটা! গোপন তথ্য ফাঁসের অভিযোগে সোশাল মিডিয়া জায়ান্টকে দিতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা

সোশাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের মূল সংস্থা মেটা-র আইনি জটিলতা ও সমস্যা যেন বেড়েই চলেছে। এবার অ্যান্ড্রয়েড ফোনে সংরক্ষিত ব্যক্তিগত ছবি ও ভিডিও গোপনে অ্যাক্সেস করার গুরুতর অভিযোগে ইতালিতে মেটাকে প্রায় ৮,৩৬০ কোটি টাকার বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে। ইউজারদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে দেশটির ডেটা প্রোটেকশন অথরিটি এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

ঠিক কী অভিযোগ উঠেছে মেটার বিরুদ্ধে? ইতালির কর্তৃপক্ষের তদন্তে উঠে এসেছে যে, ফেসবুক অ্যাপটি ব্যবহারকারীদের সুস্পষ্ট তথ্য বা আলাদা অনুমতি না নিয়েই তাদের ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও অ্যাক্সেস করত। ২০২৩ সাল থেকে ইতালিতে উপলব্ধ একটি বিশেষ ফিচারের মাধ্যমে এই কাণ্ড ঘটছিল। এই ফিচারের কাজ ছিল সোশাল মিডিয়া পোস্টের জন্য ব্যবহারকারীদের গ্যালারি থেকে ছবি ও ভিডিও সাজেস্ট করা।

তবে মূল বিতর্ক তৈরি হয়েছে অন্য জায়গায়। অভিযোগ রয়েছে, ব্যবহারকারীদের কখনোই স্পষ্টভাবে জানানো হয়নি যে, অ্যাপটিকে দেওয়া প্রাথমিক অনুমতিগুলো তাদের স্মার্টফোনের গ্যালারির অন্দরে থাকা সমস্ত ব্যক্তিগত ফাইল বা মিডিয়া অ্যাক্সেস করার পূর্ণ অধিকার দিয়ে দিচ্ছে।

বড় ধাক্কা সোশাল মিডিয়া জায়ান্টের কাছে ইতালির ডেটা প্রোটেকশন অথরিটির এই সিদ্ধান্তে মেটার ওপর প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮,৩৬০ কোটি টাকার জরিমানা চাপানো হয়েছে। জানা গেছে, মেটার এই ত্রুটিপূর্ণ বা অস্পষ্ট ফিচারের কারণে ইতালির প্রায় ২ কোটিরও বেশি ব্যবহারকারী সরাসরি প্রভাবিত হয়েছেন।

একাধিক আন্তর্জাতিক মহলের মতে, বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোর ডেটা প্রাইভেসি পলিসি নিয়ে যখন কড়াকড়ি বাড়ছে, ঠিক সেই সময়ে ইতালির এই সিদ্ধান্ত মেটার জন্য এক বিরাট ধাক্কা। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ করার দায়ে এই বিশাল অঙ্কের জরিমানা পরিশোধের পাশাপাশি মেটা আগামী দিনে তাদের এই ফিচারের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *