প্রকাশ্য রাস্তায় যুব সভাপতির দাদাগিরি! বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় দলেরই একাংশ

রাজ্যের রাজনৈতিক মহলে ফের রক্তক্ষয়ী কোন্দলের চরম ছায়া। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দলেরই একাংশের অভ্যন্তরীণ সংঘর্ষ ও মারধরের জেরে প্রাণ হারালেন অরূপ সাহা নামে এক বিজেপি নেতা। নিহত অরূপবাবুর স্ত্রী রুমা সাহা এলাকার পরিচিত বিজেপি নেত্রী। রাজনৈতিক মতপার্থক্য ও দলীয় কোন্দলের জেরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা পানিহাটি জুড়ে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত যেভাবে: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডের একটি নির্দিষ্ট দোকানের সামনে বেশ কিছু যুবক বিজেপির যুব সভাপতি রাজদীপ দাসের নেতৃত্বে নিয়মিত আড্ডা দিত। অভিযোগ, সেখান থেকে প্রায়শই পথচলতি মানুষকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও গালিগালাজ করা হতো। গত শনিবার এক স্থানীয় ব্যবসায়ী এই ঘটনার জোরালো প্রতিবাদ করলে তাঁদের মধ্যে তুমুল বচসা বাঁধে। ঠিক সেই সময় স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন বিজেপি মণ্ডল ১-এর সম্পাদক তথা নিহত নেতার স্ত্রী রুমা সাহা। তিনিও সেই প্রতিবাদের পাশে দাঁড়ান। সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলে তিনি বাড়ি ফিরে যান।

দাকধাক্কি ও মর্মান্তিক মৃত্যু: অভিযোগ, এর কিছুক্ষণ পরেই রাজদীপ দাসের নেতৃত্বে একদল যুবক ওই প্রতিবাদী ব্যবসায়ীকে মারধর করার উদ্দেশ্যে পুনরায় চড়াও হয়। এই খবর পেয়ে রুমা সাহা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ওই ব্যবসায়ীকে বাঁচানোর চেষ্টা করেন। সেই সময় তাঁর স্বামী অরূপ সাহা প্রতিবাদ করতে এগিয়ে এলে বিজেপির যুব সভাপতির দলবল তাঁর বুকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ ওঠে। আকস্মিক এই ধাক্কায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অরূপবাবু।

অত্যন্ত অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাড়ি পৌঁছানোর পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

বিধায়কের বিস্ফোরক অভিযোগ ও ক্ষোভ: এই মর্মান্তিক মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় রাজনৈতিক শোরগোল পড়ে যায়। স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান এবং শোকস্তব্ধ রুমার সঙ্গে কথা বলেন। তিনি এই ঘটনার জন্য সরাসরি বিজেপিরই একাংশ এবং দলীয় কোন্দলকে দায়ী করে কান্নায় ভেঙে পড়েন।

বিধায়কের অভিযোগ, অন্য দল থেকে বিজেপিতে আসা ব্যক্তিরাই এই ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করছে। পানিহাটির ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর ননী তৃণমূলের দুষ্কৃতীদের ডেকে এনে এই ঘটনা ঘটিয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি। পাশাপাশি, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন রত্না দেবী।

ব্যবসায়ীর দাবি ও পুলিশের পদক্ষেপ: যে ব্যবসায়ীর সঙ্গে প্রথমে বচসা বেঁধেছিল, তাঁরি মুখেও প্রায় একই রকম অভিযোগ শোনা গিয়েছে। তাঁর দাবি, বিজেপি কোঅর্ডিনেটর ননী তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রেখে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে। এর আগেও সে রাজদীপদের ডেকে এনে তাঁর উপর চড়াও হয়েছিল।

ঘটনার পরই স্থানীয় থানায় সমস্ত বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা সকলেই পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *