কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যোগা, সব এবার হাতের মুঠোয়! পড়ুয়াদের হাতে ৫০ হাজার ট্যাবলেট তুলে দিলেন মুখ্যমন্ত্রী

: রাজ্যের যুবসমাজকে প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর করে তুলতে ফের একবার বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার আওতায় লখনউতে এক বিশেষ অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে ৫০ হাজার ট্যাবলেট তুলে দেওয়া হলো। আধুনিক শিক্ষা থেকে শুরু করে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের পথ প্রশস্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইনফোসিসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের কথা ঘোষণা করেন। এই চুক্তির সুবাদে ট্যাবলেট হাতে পাওয়া পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে ১৮ হাজারেরও বেশি কোর্সের পঠনপাঠনের উপকরণ বা লার্নিং কন্টেন্ট পাবে। এর মধ্যে যোগা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ডিপ টেকের মতো আধুনিক প্রযুক্তিগত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি অঙ্কের জটিল বিষয় যেমন ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন বুঝতেও এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছাত্রছাত্রীদের দারুণভাবে সাহায্য করবে।

শুধু পড়াশোনাই নয়, সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে পড়ুয়াদের সরাসরি যোগাযোগ ঘটাতে এই ট্যাবলেটগুলিতে ‘যুব সাথী’ অ্যাপ্লিকেশনটি যুক্ত করা হয়েছে। এই একটিমাত্র অ্যাপের মাধ্যমেই ছাত্রছাত্রীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা, পিএম ও সিএম ইন্টার্নশিপ স্কিম, সিএম যুব উদ্যোগ এবং পিএম মুদ্রা যোজনার মতো সমস্ত সুযোগের সুবিধা এক জায়গায় পেয়ে যাবে।

অনুষ্ঠানে রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই আজ দেশবিদেশের বিনিয়োগকারীরা উত্তরপ্রদেশের প্রতি আকৃষ্ট হচ্ছেন। অতীতে যেখানে শিল্পপতিরা রাজ্যে আসতে ভরসা পেতেন না, সেখানে বর্তমান সরকারের আমলে ইনভেস্টর সামিটের মাধ্যমে ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসছে। এর হাত ধরে তরুণ প্রজন্মের জন্য ৬৫ লক্ষ চাকরির সুযোগ তৈরি হয়েছে এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে এই যুব সশক্তিকরণ যোজনা চালু করা হয়েছিল। সরকারের এই সুদূরপ্রসারী পদক্ষেপ রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে এবং তাদের ডিজিটাল যুগে এগিয়ে রাখতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *