রঙের পালাবদল রাজ্যে! নবান্নের গায়ের রং বদলের তদারকিতে বড় পদক্ষেপ প্রশাসনের

রাজ্যের ক্ষমতার পালাবদলের পর সরকারি ভবন থেকে শুরু করে রাস্তাঘাট ও উড়ালপুলে দীর্ঘকাল ধরে যে ‘নীল-সাদা’ রঙের আধিক্য দেখা গেছে, তাতে এবার বড়সড় ছেদ পড়তে চলেছে। হাওড়ায় অবস্থিত রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের গায়ের রং বদলানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। খুব শীঘ্রই বর্তমান নীল-সাদা রং মুছে নতুন রঙে সেজে উঠতে চলেছে এই ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভবনটি।

সূত্রের খবর, নবান্নের নতুন রঙে সম্পূর্ণ গেরুয়া বা চেনা নীল-সাদা—কোনোটিই থাকছে না। পরিবর্তে হলুদ ও সাদার একটি বিশেষ মিশ্রণে নবান্নকে নতুন রূপ দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই নতুন হলুদ রঙের শেডটি অনেকটাই গেরুয়া ঘেঁষা, যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। এর আগে নবান্নের লাগোয়া সভাঘরের রঙেরও পরিবর্তন করা হয়েছিল। রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি ভবনের রঙের পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রেখেই এবার খোদ মুখ্যমন্ত্রীর কার্যালয় ও প্রশাসনিক কেন্দ্রকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুধুমাত্র রঙের প্রলেপ বদলানোই নয়, এর পাশাপাশি নবান্ন এবং তার পার্শ্ববর্তী ‘উপান্ন’ ভবনের সামগ্রিক সংস্কারের কাজও হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি এই সংস্কার ও রং করার কাজের জন্য সমস্ত দরপত্র (Tender) ডাকার প্রক্রিয়া সফলভাবে চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, এই পুরো সংস্কার ও সৌন্দর্য্যায়নের কাজের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *