৩০০০ কোটির মেগা উপহার! গড়চিরৌলিতে দাঁড়িয়ে ঐতিহাসিক ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

দেশের আদিবাসী সমাজের অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রবিবার (১৫ নভেম্বর ২০২৬) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আয়োজিত ষষ্ঠ জাতীয় ‘জনজাতীয় গৌরব দিবস’ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ধরতি আবা’ ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন প্রান্তের উপজাতীয় সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রায় ৩,০০০ কোটি টাকার মেগা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
৩ হাজার কোটির উন্নয়ন প্রকল্প
ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ২৪৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর পেছনে খরচ ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। মূলত শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্রামীণ পরিকাঠামো মজবুত করার ওপর জোর দেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় রয়েছে আদিবাসী শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে নির্মিত ৩৮টি ‘এক্লব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল’ (EMRS) এবং ‘পিএম-জনমন’ যোজনার অধীনে তৈরি ১০০টি বহুমুখী কেন্দ্র। এ ছাড়া অরুণাচলপ্রদেশের ইটানগরে একটি উপজাতীয় গবেষণা ইনস্টিটিউট এবং মিজোরামের আইজবলে ‘রুপুলিয়ানি উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী জাদুঘর’-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মিজো উপজাতির বীর নারী তথা ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম মুখ রুপুলিয়ানির নামেই এই জাদুঘরের নামকরণ করা হয়েছে।
দেশের দুটি বড় সাফল্য: দারিদ্র্যমুক্তি ও সন্ত্রাস অবসান
এদিনের ভাষণে দেশের বিগত দশকের দুটি বড় সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত ১২ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্যকে পরাস্ত করে বাইরে বেরিয়ে এসেছে। একে তিনি স্বাধীনতা পরবর্তী সময়ের অন্যতম বড় অর্জন বলে অভিহিত করেন।
পাশাপাশি দেশের মাওবাদী ও নকশাল সন্ত্রাসের অবসান নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অতীতে নকশাল হিংসার সবচেয়ে বড় শিকার হয়েছে উপজাতীয় সমাজই। একসময় দেশের প্রায় ১২৫টি জেলা মাওবাদী সন্ত্রাসে জর্জরিত ছিল, যেখানে বহু নিরপরাধ আদিবাসী প্রাণ হারিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের সুদৃঢ় পদক্ষেপে আজ সেই অন্ধকার কেটেছে। গড়চিরৌলী বা ছত্তিশগড়ের বাস্তারের মতো এলাকায় মানুষ এখন নিরাপদ জীবন কাটাচ্ছেন, যা দেশের সার্বিক অগ্রগতির বড় প্রমাণ।
বিদেশি নয়, নিজেদের ইতিহাস নিয়ে গর্বিত ভারত
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানান, ২০২১ সাল থেকে শুরু হওয়া ‘জনজাতীয় গৌরব দিবস’ আজ একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। একটা সময় দেশের বহু উৎসব ও দিবস বিদেশি দৃষ্টিভঙ্গিতে নির্ধারিত হত। কিন্তু আজ দেশ তার নিজস্ব ঐতিহ্য, ইতিহাস এবং বীর নায়কদের নিজস্ব স্বাভিমানের সঙ্গে স্মরণ করছে। অনুষ্ঠানে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গড়চিরৌলিতে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানান।