নীল-সাদা যুগ শেষ! নতুন রঙে সাজছে নবান্ন, জল্পনা তুঙ্গে

নীল-সাদা যুগের অবসান ঘটিয়ে এবার নতুন রূপে সেজে উঠছে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন (Nabanna)। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি ভবন ও প্রকল্পের চেনা রঙে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে খোদ মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের বসার এই হাইপ্রোফাইল ভবনটি। প্রশাসনিক সূত্রে খবর, একাধিক স্তরে উচ্চপর্যায়ের আলোচনার পর নবান্নের রঙ বদলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে।

কেমন হবে নবান্নের নতুন রঙ?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবান্নের গায়ে আর থাকছে না বর্তমানের চেনা নীল-সাদা প্রলেপ। তবে হুবহু গেরুয়া রঙও করা হচ্ছে না। পরিবর্তে হলুদ, সাদা এবং ঘিয়ে রঙের একটি আকর্ষণীয় মিশ্রণ ব্যবহার করা হবে। বিশেষ সূত্রে খবর, এই নতুন রঙের শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি বা তার প্রভাবে প্রভাবিত। উল্লেখ্য, কয়েক মাস আগেই নবান্নের প্রধান ফলকে গেরুয়া রঙের ছোঁয়া দেখা গিয়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। এবার গোটা ভবনের বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ বদল হতে চলেছে।

কোটি টাকার সংস্কার পরিকল্পনা

শুধু রঙের প্রলেপই নয়, নবান্নের সামগ্রিক সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র (Tender) ডাকার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নবান্নের পাশাপাশি সংলগ্ন ‘উপান্ন’ ভবনেরও সংস্কার করা হবে। দুই ভবনের ভেতরে ও বাইরে মেরামতির কাজের জন্য বরাদ্দ হতে পারে কোটি কোটি টাকা। সরকারি ভবনগুলিকে আরও আধুনিক ও পরিপাটি করে তোলার অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মহাকরণে কি ফিরছে সরকার?

নবান্নের রঙ বদল ও সংস্কারের খবরের মাঝেই ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজ্য সরকার ফের ঐতিহাসিক মহাকরণে ফিরে যাওয়ার কথা ভাবছে? এই জল্পনায় জল ঢেলে প্রশাসনিক আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, আপাতত মহাকরণে ফিরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। হেরিটেজ মর্যাদাসম্পন্ন মহাকরণের সংস্কার করা হলেও সেখানে মন্ত্রিসভার বৈঠক বা বড়সড় সরকারি কর্মসূচি আয়োজনের মতো উপযুক্ত ও আধুনিক পরিকাঠামো এখনও অনুপস্থিত। তাই আপাতত নবানুকেই রাজ্যের ক্ষমতার মূল কেন্দ্র হিসেবে রেখে সৌন্দর্যায়ন ও সংস্কারের কাজকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *