বিয়ের টানে সুদূর কানাডা থেকে রাজস্থানে ছুটে এলেন প্রেমিকা! আসল বয়স জানতে পেরেই চক্ষু চড়কগাছ প্রেমিকের, কী ঘটল তারপর?

ডেটিং অ্যাপে আলাপ, সেখান থেকে গভীর প্রেম এবং শেষে বিয়ের পাকা প্রতিশ্রুতি। ভালোবাসার সেই টানেই সুদূর কানাডা থেকে সোজা ভারতে ছুটে এসেছিলেন ৬১ বছর বয়সী এক মহিলা। কিন্তু প্রেমিক যখন জানতে পারলেন যে, তাঁর স্বপ্নের ‘প্রেমিকা’ আসলে ষাটোর্ধ্ব এক প্রবীণা, তখন রীতিমতো চক্ষু চড়কগাছ! তড়িঘড়ি বিয়ের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন যুবক। ভিনদেশে পা রেখে প্রেমিকের এমন আকস্মিক ভোলবদলে কার্যত অথৈ জলে পড়েন ওই বিদেশিনী। শেষমেশ কানাডিয়ান দূতাবাসের হস্তক্ষেপে আসরে নামতে হলো পুলিশকে।
কীভাবে শুরু হয়েছিল এই প্রেমকাহিনী? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নীতিন, তিনি হরিয়ানার পানিপথের বাসিন্দা এবং পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। প্রায় এক বছর আগে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় ওই কানাডিয়ান মহিলার। নিয়মিত কথাবার্তা ক্রমশ গড়ায় প্রেমে এবং দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সেই পরিকল্পনা অনুযায়ী, গত ১১ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় দিল্লিতে পা রাখেন ওই কানাডিয়ান মহিলা। নীতিন নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে সাদরে অভ্যর্থনা জানান। এরপর দুজনে সোজা চলে যান রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার নিমরানায়। সেখানে ‘বিবি বিল্ডার্স সোসাইটি’-তে নীতিনের মামা-মামির ফ্ল্যাটে ওঠেন তাঁরা।
বয়স জানার পরই নাটকীয় ছন্দপতন: প্রায় দিনদুয়েক ওই ফ্ল্যাটে একসঙ্গেই ছিলেন যুগল। কিন্তু বিয়ের চূড়ান্ত আলোচনা একটু এগোতেই ঘটে যায় ছন্দপতন। নীতিন হঠাৎ জানতে পারেন, তাঁর কানাডিয়ান প্রেমিকার আসল বয়স ৬১ বছর! বয়সের এই বিশাল ফারাক জানার পরই সোজা বিয়ে করতে অস্বীকার করেন নীতিন।
এই নিয়ে ফ্ল্যাটের ভেতরেই দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। অচেনা দেশে এসে এমন প্রতারণা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েন ওই প্রবীণা। অগত্যা কোনো উপায় না দেখে গত ১৩ নভেম্বর তিনি সরাসরি কানাডিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো ঘটনাটি খুলে বলেন। দূতাবাসের তরফে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় নিমরানা থানায়।
পুলিশের পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি: নিমরানা থানার পুলিশ আধিকারিক সুরেন্দ্র যাদব জানিয়েছেন, দূতাবাসের কাছ থেকে খবর পাওয়া মাত্রই ১৪ নভেম্বর ভোর চারটে নাগাদ ওই আবাসনে হানা দেয় পুলিশ এবং যুগলকে থানায় নিয়ে আসা হয়। শান্তি বিঘ্নিত করার অভিযোগে প্রেমিক নীতিনকে প্রথমে হেফাজতে নেওয়া হলেও, পরে তিনি জামিনে মুক্তি পান।
অন্যদিকে, ওই কানাডিয়ান মহিলাকে আপাতত কোটপুতলির একটি ডিটেনশন সেন্টারে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তাঁকে যাতে দ্রুত ও নিরাপদে নিজের দেশে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য কানাডিয়ান দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজস্থান পুলিশ। বয়সের গেরোয় প্রেমিকের এমন নাটকীয় প্রত্যাখ্যানের ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।