মাটনে চিনির সিরাপ! বিগ বসের ঘরে খাবার নষ্ট করার দায়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া ভর্ৎসনার মুখে জিতু-সৃজলা

‘বিগ বস বাংলা’র অন্দরে বিনোদন আর নাটক যেন থামতেই চাইছে না। আর এই ঘরের অন্যতম চর্চিত জুটি অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী সৃজলা গুহ। বাড়িতে নিজেদের মতো আলাদা থাকার জেরে তাঁরা প্রায়ই কোণঠাসা হয়ে পড়েন বলে অভিযোগ করেন। কিন্তু সম্প্রতি এমন এক কান্ড তাঁরা ঘটিয়েছেন, যার জেরে উইকেন্ডের ‘দাদার দরবার’-এ খোদ শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে এই দুই তারকাকে। খাবার নষ্ট করার মতো এমন গুরুতর অভিযোগে নেটপাড়ায় শুরু হয়েছে শোরগোল।
ঠিক কী ঘটেছিল বিগ বসের ঘরে? রিয়েলিটি শোয়ের নিয়ম অনুযায়ী খাবারদাবার ও লাক্সারি বাজেট নিয়ে হাউসে অশান্তি লেগেই থাকে। দীর্ঘ ৭০ দিনেরও বেশি সময় পর বিগ বসের পক্ষ থেকে প্রতিযোগীদের জন্য সুস্বাদু পাঁঠার মাংস বা মাটনের আয়োজন করা হয়েছিল। একটি বিশেষ টাস্কে ভালো পারফর্ম করার ফলেই এই পুরস্কার পেয়েছিলেন প্রতিযোগীরা। কিন্তু সেই সুস্বাদু খাবার আনন্দের সঙ্গে উপভোগ করার পরিবর্তে তা পণ্ড করার ফন্দি আঁটেন জিতু ও সৃজলা।
অভিযোগ রয়েছে, নিজেদের অংশের মাংস নিরাপদ স্থানে সরিয়ে রেখে বাকি প্রতিযোগীদের জন্য বরাদ্দ মাংসে রীতিমতো চিনির সিরাপ এবং স্যাকারিন মিশিয়ে দেন জিতু। আর এই চক্রান্তে প্রথম থেকেই তাঁর পাশে ছায়ার মতো ছিলেন সৃজলা।
সৌরভের কড়া ভর্ৎসনা ও ক্ষোভ: শনিবারের বিশেষ পর্বে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সটান ভর্ৎসনা করে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বিগ বসের মতো একটি সর্বভারতীয় প্ল্যাটফর্মে খাবার নষ্ট করা বা তাতে এই ধরনের জিনিস মেশানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে তনুশ্রী বাধ্য হয়ে সেই মাংসে ৩৫টি লঙ্কা মিশিয়ে কোনোমতে তা খাওয়ার উপযোগী করেছিলেন। কিন্তু সৌরভের সামনে সাফাই গাইতে গিয়ে জিতু দাবি করেন যে তিনি সামান্যই চিনির সিরাপ মিশিয়েছিলেন। এই কথা শোনার পরেই মেজাজ হারান মহারাজ। জিতুকে কড়া ভাষায় প্রশ্ন করে সৌরভ বলেন, “অল্প না বেশি, তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?”
শুধু তাই নয়, সৃজলা এই ঘটনার সঙ্গে জড়িত নন—জিতুর এমন দাবিও ধোপে টেকেনি। সৌরভ সাফ জানিয়ে দেন, ক্যামেরার সামনে জিতু ও সৃজলার এই পরিকল্পনা নিয়ে বারবার আলোচনার সমস্ত দৃশ্যই রেকর্ড হয়েছে। ফলে এখানে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। খাবার নষ্ট করার এই নোংরা মানসিকতা এবং পরবর্তীতে মিথ্যা সাফাই গাওয়ার জন্য জিতুর তীব্র সমালোচনা করেন সৌরভ। এখন দেখার, রবিবারের মূল পর্বে এই ঘটনার জেরে এই দুই তারকার ওপর আর কোনো বড় শাস্তির খাড়া নেমে আসে কি না।