”স্বামীর এনকাউন্ডার হতে পারে’, আশঙ্কায় মানবাধিকার কমিশনে গেলেন সুমিতের স্ত্রী

স্বামীকে সাজানো এনকাউন্টারের মাধ্যমে খুন করা হতে পারে—এই মারাত্মক আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষ। শুক্রবার পুলিশ হেফাজতে সুমিতের নিরাপত্তা এবং শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি কমিশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার সহ চার পুলিশ আধিকারিককে নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

সম্প্রতি জমি কেলেঙ্কারি ও এক মৎস্য ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে ফের সিআইডি ও পুলিশের জালে পড়েন সুমিত রায়। রক্ষাকবচ ওঠার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ভয় দেখানো, তোলাবাজি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

মানবাধিকার কমিশনে জমা দেওয়া অভিযোগে সুস্মিতা ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন কোনো মামলায় স্বামীকে ফের হেফাজতে নিয়ে সাজানো ঘটনার মাধ্যমে এনকাউন্টার করে তাঁর প্রাণ কেড়ে নেওয়া হতে পারে। রাজ্যে সাম্প্রতিককালের কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গও তাঁর অভিযোগে তুলে ধরা হয়েছে।

পাশাপাশি, পুলিশ হেফাজতে সুমিত রায়ের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টির গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। আবেদনে জানানো হয়েছে, সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে একটি বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু পুলিশি হেফাজতে তাঁকে সেই চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত বিশ্রাম থেকেও বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ। এমনকি রাতের অন্ধকারে তদন্তের অজুহাতে তাঁকে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

অভিযোগের তীব্রতা ও সংবেদনশীলতা খতিয়ে দেখে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। পুলিশ সুপারকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, তদন্তের প্রতিটি পদক্ষেপে যেন আইন এবং মানবাধিকারের পূর্ণ সুরক্ষা বজায় থাকে। পাশাপাশি, অভিযুক্তের স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয় এবং তাঁর সঙ্গে যাতে কোনো প্রকার অমানবিক আচরণ না করা হয়, সে বিষয়েও কড়া বার্তা দিয়েছে কমিশন। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *