ফ্ল্যাটে নেমপ্লেট টাঙিয়ে, ঘটা করে গৃহপ্রবেশ! বিদেশ থেকে ফেরা ডাক্তারকে কোটি টাকার চুনকালি দিল খাস বিজনেস পার্টনার

বিদেশ থেকে ফিরে নিজের টাকায় কেনা ফ্ল্যাটে ঘটা করে পরিবার নিয়ে করলেন গৃহপ্রবেশ। দরজায় নিজের নাম লেখা নেমপ্লেটও ঝোলানো হলো। কিন্তু কিছুদিন পরই সামনে এল এক ভয়ংকর সত্য! জানা গেল, যে ফ্ল্যাটটিকে নিজের ভেবে বুক বেঁধেছিলেন, সেটির মালিক আসলে তাঁরই বিশ্বস্ত বিজনেস পার্টনার ও তাঁর স্ত্রী। উত্তরপ্রদেশের নোডায় এক প্রবাসী চিকিৎসকের সঙ্গে ঘটা এই কোটি টাকার প্রতারণার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
কীভাবে পাতা হয়েছিল জালিয়াতির ফাঁদ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজিয়াজাবাদের লোনির বন্থলা গ্রামের বাসিন্দা ডা. জয়বীর সিং দীর্ঘদিন ধরে উজবেকিস্তানে থেকে পেশাগত কাজ করছেন। সেখানে থাকাকালীনই রমেশ নামের এক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে তাঁর পরিচয় হয়। দুজনে মিলে ‘এমএলডি মেডিক্যাল’-এর মাধ্যমে মেডিক্যাল যন্ত্রাংশ আমদানি ও কেনাবেচার ব্যবসা শুরু করেছিলেন। চুক্তি অনুযায়ী, উজবেকিস্তান থেকে চিকিৎসা সরঞ্জাম আনিয়ে ভারতে সরবরাহের জন্য মূল টাকার ব্যবস্থা করতেন জয়বীর। এর বিনিময়ে বিলিংয়ের ওপর ৩ শতাংশ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রমেশ।
এই ব্যবসায়িক সুসম্পর্কের সুযোগ নিয়েই রমেশ ওই চিকিৎসককে নোডার সেক্টর-১০৭-এর প্রতীক এডিফিস সোসাইটিতে দুটি ফ্ল্যাট কেনার প্রস্তাব দেন। দুটি ফ্ল্যাটের মোট দাম ধরা হয় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। অভিযোগ, বুকিংয়ের নামে জয়বীরের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন রমেশ।
গৃহপ্রবেশ থেকে নেমপ্লেট, সবই ছিল এক সাজানো নাটক
ডাক্তার জয়বীর সিংয়ের অভিযোগ, রমেশ তাঁকে ওই সোসাইটির টাওয়ার-সি-র ২৫ তলায় দুটি ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেন। এমনকি ওই ফ্ল্যাটগুলিতে নিজের পছন্দমতো লাখ লাখ টাকা খরচ করে দারুণভাবে ইন্টিরিয়র ও ফার্নিচারের কাজও করান জয়বীর। এরপর পরিবারকে সঙ্গে নিয়ে ধুমধাম করে সেখানে গৃহপ্রবেশও সম্পন্ন হয়। ফ্ল্যাটের মূল দরজার বাইরে জয়বীর নিজের নামাঙ্কিত নেমপ্লেট পর্যন্ত লাগান।
সবকিছু নিজের চোখের সামনে দেখে চিকিৎসকের বিন্দুমাত্র সন্দেহ হয়নি যে ফ্ল্যাটগুলি তাঁর নামে নেই। অথচ পরে তদন্তে জানা যায়, রমেশ ওই ফ্ল্যাট দুটি নিজের স্ত্রী গীতার নামে বুক ও রেজিস্ট্রি করিয়েছিলেন। শুধু তাই নয়, ওই ফ্ল্যাটগুলির ওপর ব্যাংক থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার ঋণও তুলে নেন ওই ব্যবসায়ী।
বিদেশি মুদ্রার ধার ও আদালতের রায়
প্রতারণার এখানেই শেষ নয়। ব্যবসার কাজে রমেশকে ১ লাখ ১৮ হাজার মার্কিন ডলার ধার দিয়েছিলেন ডা. জয়বীর। নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা ফেরত না দেওয়ায় বাধ্য হয়ে জয়বীর উজবেকিস্তানের তাশখন্দ আদালতে দেওয়ানি মামলা করেন। পরবর্তী সময়ে সেই মামলার রায় চিকিৎসকের পক্ষেই যায়।
এরপর নড়েচড়ে বসেন ভুক্তভোগী চিকিৎসক। রমেশের স্ত্রী গীতার নামে ফ্ল্যাট বুকিং ও বিনিয়োগ থেকে শুরু করে সমস্ত আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্যাংক অ্যাকাউন্ট, বিল্ডারের রেকর্ড ও মোবাইল চ্যাট খতিয়ে দেখার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন। আদালতের কড়া নির্দেশে অবশেষে সেক্টর-৩৯ থানার পুলিশ অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে এই চাঞ্চল্যকর জালিয়াতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।