২০১৬-র ‘অযোগ্য’ ও দাগি প্রার্থীরাই ঢুকে পড়লেন নতুন প্যানেলে! এসএসসির পদক্ষেপে বড় শোরগোল

নিয়োগ দুর্নীতির কালো ছায়া যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর। লিখিত পরীক্ষার ভিত্তিতে গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ শিক্ষাকর্মী নিয়োগের ইন্টারভিউ প্যানেল তৈরি হতেই ফের প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। দেখা গেল, নতুন প্যানেলে দিব্যি জায়গা করে নিয়েছেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ‘অযোগ্য’ ও দুর্নীতিতে অভিযুক্ত ১২ জন প্রার্থী! বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়ে শেষমেষ ওই ১২ জনের প্রার্থীপদ বাতিল করেছে কমিশন।

বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীপদ বাতিল এসএসসির

শুক্রবার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, ২০২৫ সালের গ্রুপ ‘ডি’ নিয়োগ প্রক্রিয়া থেকে ওই ১২ জন প্রার্থীর নাম পাকাপাকিভাবে বাদ দেওয়া হলো। কমিশন সূত্রে খবর, অভিযুক্ত এই ১২ জনের মধ্যে চারজন ২০১৬ সালের প্রথম এসএলএসটি এবং আটজন তৃতীয় আরএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এঁদের কারও নাম ছিল সিবিআইয়ের চিহ্নিত ‘দাগি’ প্রার্থীদের তালিকায়, আবার কারও নাম ছিল ওএমআর (OMR) শিটে গরমিলের তালিকায়। কমিশনের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, ২০২৫ সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী আর কোনো ধাপেই তাঁরা আর অংশ নিতে পারবেন না।

বাতিল হওয়া এই বিতর্কিত প্রার্থীদের তালিকায় রয়েছেন— অলকেশ বর্মন, সাদ্দাম হোসেন, অনিন্দিতা মাইতি, অমিত মণ্ডল, মিলন দাস, অজয় বর্মন, মহম্মদ রশিদুল শেখ, অমল সরকার, মহম্মদ ফিরোজ আলম, সুমন আচার্য বৈষ্ণব, আরও এক সাদ্দাম হোসেন এবং শীলারানি মন্ত্রী।

স্বচ্ছতা নিয়ে উঠছে জোরালো প্রশ্ন

কিন্তু এই ১২ জনের নাম সামনে আসতেই নিয়োগ প্রক্রিয়ার সামগ্রিক স্বচ্ছতা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছে— ২০১৬ সালের নিয়োগে অযোগ্য ও দাগি হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও কীভাবে তাঁরা নতুন নিয়োগের লিখিত পরীক্ষায় বসার সুযোগ পেলেন? সিবিআই বা কমিশনের নজর এড়িয়ে কীভাবে তাঁদের নামে অ্যাডমিট কার্ডই বা ইস্যু হলো? শুধু তাই নয়, ইন্টারভিউ প্যানেলে কি পর্দার আড়ালে আরও কোনো দাগি প্রার্থী রয়েছেন? কমিশনের এই ত্রুটিপূর্ণ পদক্ষেপের পরেও নিয়োগ প্রক্রিয়ার নজরদারি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক মহল।

উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকাতেও ওএমআর শিটে অসঙ্গতির অভিযোগ এবং সিবিআইয়ের চিহ্নিত ‘দাগি’দের নাম থাকায় ক্ষোভে ফেটে পড়েছিলেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা। বর্তমান ঘটনাটি সেই ক্ষোভের আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *