‘অলৌকিক ঘটনা’-ভূমিকম্পের একদিন পর উদ্ধার হলো কিশোর
ভূমিকম্পের ২৪ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৪।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিএনএন তুর্কির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, উদ্ধারকারী দল ছেলেটিকে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে।
সিএনএন তুর্কির এক প্রতিবেদক এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।
ঘটনাস্থল থেকে তিনি বলেছেন, ‘অবশেষে! তাকে উদ্ধার করা হয়েছে’।
শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। অনেক ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলছে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা কয়েক ঘণ্টার ব্যবধানে ২ হাজার ৩৭৯ থেকে বেড়ে ২ হাজার ৯২১ জনে পৌঁছেছে। ভূমিকম্পে অন্তত ৫ হাজার ৬০৬টি ভবন ধ্বংস হয়েছে।
তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইউনুস সেজের বলেছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা অন্তত ২ হাজার ৯২১ জন। সিরিয়ায় নিহতের সংখ্যা ১ হাজার ৩৫১।
দুই দেশে আহতের সংখ্যা ১৭ হাজারের বেশি। সিরিয়ায় আহতের সংখ্যা ৩ হাজার ৫৩১ জন বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই বলেছেন, তুরস্কের ১০টি প্রদেশ ও শহরে হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ও অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন।
দুই দেশেই শীতকালীন তুষারপাতে জনজীবন বিপর্যস্ত অবস্থা পার করছে। সোমবার থেকেই আশ্রয়হীনরা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। অনেককে আগুন জ্বালিয়ে একসঙ্গে জড়ো হয়ে বসে থাকতে দেখা গেছে।