“রাজনীতি মানে শুধু নির্বাচন জেতা নয়! ‘রাজনীতির আধ্যাত্মিকরণ’ নিয়ে বিস্ফোরক বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের”

দেশের রাজনীতি কেবল ক্ষমতা ধরে রাখা বা নির্বাচন জেতার মাধ্যম হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত নৈতিকতা ও জনস্বার্থ দ্বারা পরিচালিত। শুক্রবার লখনউয়ে ব্রহ্ম কুমারির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই জোরালো মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর মতে, রাজনীতির সঙ্গে নীতি ও আধ্যাত্মিক চেতনা যুক্ত হলেই কেবল তার প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারে, যাকে তিনি ‘রাজনীতির আধ্যাত্মিকরণ’ বলে অভিহিত করেছেন।

রাজনীতির প্রকৃত উদ্দেশ্য ও আধ্যাত্মিকীকরণ

সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘ব্রহ্ম কুমারির’ প্রতিষ্ঠালগ্ন থেকে ৯০ বছর এবং লখনউয়ে তাদের আধ্যাত্মিক পরিষেবার ৭২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে ‘দিব্য সংস্কৃতি ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের লোকসভা কেন্দ্র লখনউয়ের প্রতি গভীর টানের কথা উল্লেখ করে তিনি জানান, অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি এই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেননি।

নির্বাচন জেতা বা হারার চেয়ে সঠিক কাজ করা যে বেশি গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট করে রাজনাথ বলেন, “নির্বাচন জেতা বা হারতে পারে, কিন্তু আমি সেটাই করব যা সঠিক এবং অন্য কিছু নয়।” তাঁর ব্যাখ্যা, ‘রাজনীতির আধ্যাত্মিকরণ’ বলতে বোঝায় না যে রাজনীতিকে কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে; এর মূল অর্থ হলো জনজীবনকে নীতি এবং কর্তব্যের মতো সর্বজনীন মূল্যের সঙ্গে মেলানো। রামায়ণ ও মহাভারতের উদাহরণ টেনে তিনি জানান, শাসকদের মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ করা। রাজনৈতিক নেতাদের কেবল পরবর্তী নির্বাচন জেতার কথা ভাবলে চলবে না, বরং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের দিকেও নজর দিতে হবে।

বহির্জগতে অগ্রগতি বনাম অন্তর্জগতের নিয়ন্ত্রণ

মহাকাশ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), প্রতিটি ক্ষেত্রে ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম ও দ্রুত বর্ধমান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এই অগ্রগতির পাশাপাশি দেশবাসীকে এক গভীর আত্মমূল্যায়নের আহ্বান জানান রাজনাথ। তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি বহির্জগত জয় করতে গিয়ে আমাদের অন্তর্জগতের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি?”

বৈজ্ঞানিক গবেষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধ্যান এবং সচেতন জীবনযাত্রা মস্তিষ্ক, হৃদপিণ্ড ও রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিকাশ একে অপরের পরিপন্থী নয়। তাঁর মতে, অভ্যন্তরীণভাবে স্থিতিশীল মানুষ কখনই রাগের বশে সিদ্ধান্ত নেন না, আত্মমর্যাদাসম্পন্ন মানুষ অন্যকে অপমান করেন না এবং যিনি সন্তুষ্টি বোঝেন, তিনি দুর্নীতির পথে পা বাড়ান না।

আইন নয়, দেশ চলে চরিত্রে

“দেশ কেবল আইন দিয়ে চলে না, দেশ চলে চরিত্র দিয়ে”, এই কথা উল্লেখ করে রাজনাথ জানান, সামাজিক বিশ্বাস ও সম্প্রীতি রক্ষায় ভালো মূল্যবোধ অপরিহার্য। একটি উন্নত ভারতের স্বপ্ন কেবল অর্থনৈতিক বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়; এর মধ্যে থাকতে হবে সৎ নাগরিক, পারিবারিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নারীদের প্রতি সম্মান, তরুণদের শৃঙ্খলা এবং জাতীয় কর্তব্যেরোধ। নারী আধ্যাত্মিক নেতৃত্ব এবং মাদকাসক্তির বিরুদ্ধে প্রচারে ‘ব্রহ্মা কুমারি’র ভূমিকারও উচ্চ প্রশংসা করেন তিনি।

তরুণ প্রজন্মের জন্য বিশেষ বার্তা

অনুষ্ঠান থেকে দেশের যুবসমাজকে কেরিয়ারের পাশাপাশি চরিত্র গঠনে মনোনিবেশ করার পরামর্শ দেন প্রতিরক্ষামন্ত্রী। প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “প্রযুক্তির ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তিকে আপনাদের ওপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। তথ্য সংগ্রহ করুন, কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা হারাবেন না। বিশ্বের সঙ্গে যুক্ত থাকুন, কিন্তু নিজের শিকড়ের সঙ্গেও শক্তভাবে যুক্ত থাকুন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *