বিসর্জনের রাতেই নৃশংস খুন! অন্ডাল বিমানবন্দরে পা রেখেই জেলাশাসককে কী কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

বুধবার গভীর রাতে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত কর্মীর নাম শ্যাম কুমার দাস (৩৬)। এই ঘটনার পর বৃহস্পতিবার বাঁকুড়া সফরে যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে নেমে নিহত দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন নিহত শ্যাম কুমার দাসের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য। পাশাপাশি, বিমানবন্দরে উপস্থিত পশ্চিম বর্ধমানের জেলাশাসককে তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন যাতে মৃত কর্মীর স্ত্রীকে রাজ্য সরকারের কোনও দফতরে অস্থায়ী পদে নিয়োগ করা হয়। জিতেন্দ্র তিওয়ারি বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক অনন্য মানবিকতার পরিচয় দিয়ে গেলেন।”

কীভাবে ঘটল এই নৃশংস হত্যাকাণ্ড? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কালীপুজোর বিসর্জন অনুষ্ঠান শেষ হওয়ার পর ফরিদপুর থানা এলাকার জব্বর পল্লিতে খাওয়াদাওয়ার আয়োজন চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, খাওয়াদাওয়া চলাকালীনই জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে শ্যাম কুমার দাসের সঙ্গে স্থানীয় অজয় নন্দী ও বিজয় নন্দীর তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীনই বাঁশ, লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে শ্যামের ওপর এলোপাথাড়ি হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তদন্তে পুলিশ ও গ্রেফতারি: হত্যাকাণ্ডের তদন্তে নেমে ফরিদপুর থানার পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তবে ঘটনার পর থেকেই অন্যতম প্রধান অভিযুক্ত অজয় নন্দী-সহ আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, জব্বর পল্লি এলাকায় দীর্ঘদিন ধরেই সিন্ডিকেট রাজকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে রয়েছে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *