পেঁয়াজ থেকে রসুন—আগুনে ছ্যাঁকা! সাধারণ মানুষের পকেট ফাঁকা করে কীভাবে নাগালের বাইরে গেল জিনিসপত্রের দাম?

দেশের সাধারণ মানুষের পকেটে ফের বড়সড় ধাক্কা। হু হু করে বাড়তে থাকা জিনিসপত্রের দামের জেরে ২৪ মাসের সমস্ত রেকর্ড ভেঙে গেল। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে দেশের খুচরো মূল্যবৃদ্ধি (CPI) একলাফে বেড়ে ৬.০৯ শতাংশে গিয়ে পৌঁছেছে। গত সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৫.৫৪ শতাংশ। এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নির্ধারিত ৬ শতাংশের সর্বোচ্চ সহনশীলতার মাত্রাকেও ছাড়িয়ে গেছে এই মূল্যবৃদ্ধি।
মূল্যবৃদ্ধির নেপথ্যে আকাশছোঁয়া খাদ্যপণ্যের দাম
মূলত খাদ্যপণ্যের দাম লাগামছাড়াভাবে বেড়ে যাওয়ার কারণেই মুদ্রাস্ফীতির এই ঊর্ধ্বমুখী গ্রাফ। সরকারি তথ্য বলছে, সেপ্টেম্বরে যেখানে খাদ্য মূল্যবৃদ্ধি ছিল ৭.৭৪ শতাংশ, অক্টোবরে তা একলাফে বেড়ে দাঁড়াল ৮.৯৪ শতাংশে। এর মধ্যে সবচেয়ে বেশি ছ্যাঁকা দিচ্ছে শাকসবজি ও মশলাপাতি। পরিসংখ্যান অনুযায়ী, পেঁয়াজের দাম গতবারের তুলনায় একলাফে ১১৬.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রসুনের দাম ৬০.৭৪ শতাংশ, আদার দাম ৪৮.৩২ শতাংশ এবং পাতিলেবুর দাম ৪৭.৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের ব্যাখ্যা অনুযায়ী, পেঁয়াজের জোগান কম হওয়া এবং অনিয়মিত বৃষ্টির কারণে খরিফ শস্য উৎপাদনে বিঘ্ন ঘটার ফলেই বাজারে এই চরম ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় স্তরে খাদ্য ও পানীয় বিভাগে সামগ্রিক মূল্যবৃদ্ধি হয়েছে ৮.৫১ শতাংশ। এছাড়া ব্যক্তিগত পরিচর্যা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ১০.১৪ শতাংশে পৌঁছেছে। রেস্তোরাঁ ও আবাসন পরিষেবার খরচও ১০.০৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গ্রাম থেকে শহর—সর্বত্রই ছড়াচ্ছে উত্তাপ
শহরাঞ্চলের তুলনায় গ্রামাুঞ্চলে মুদ্রাস্ফীতির ঝাঁঝ আরও কিছুটা বেশি। অক্টোবরে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬.৬৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৬.০৮ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে এই হার ৫.৪১ শতাংশে গিয়ে ঠেকেছে।
উল্লেখ্য, গত অক্টোবরের ঋণনীতি পর্যালোচনা বৈঠকে আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছিল। তবে বর্তমান পরিস্থিতির জেরে আগামী ২ থেকে ৪ ডিসেম্বরের নির্ধারিত এমপিসি (MPC) বৈঠকে মুদ্রাস্ফীতির এই লাগামছাড়া ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক, এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।