আপনারা ট্রাক্টর বানাচ্ছেন, এবার বুলডোজারও তৈরি করুন!” মার্কিন সংস্থাকে বিরাট অফার দিয়ে চমকে দিলেন যোগী

উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘বুলডোজার’ শব্দটা এখন আর নিছক কোনো ভারী যন্ত্র বা নির্মাণকাজের উপকরণ নয়, বরং তা হয়ে উঠেছে যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসনিক কঠোরতা এবং রাজনৈতিক পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক। আর এবার সেই বুলডোজারকেই সরাসরি উত্তরপ্রদেশের নিজস্ব ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, গৌতম বুদ্ধ নগরে ট্রাক্টর তৈরির কারখানা গড়তে চলা আন্তর্জাতিক সংস্থা ‘সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল’ (CNH Industrial)-কে উত্তরপ্রদেশেই বুলডোজার তৈরির পরামর্শ দিয়ে প্রকাশ্যেই আমন্ত্রণ জানালেন তিনি।

বৃহস্পতিবার যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (YEIDA) এলাকার সেক্টর ৮ডি-তে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালের ট্রাক্টর উৎপাদন কারখানার শিলান্যাস অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই শিল্পপতিদের উদ্দেশে যোগী বলেন, “আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের বুলডোজারের কথা শুনেছেন। আমি সিএনএইচ-কে বলব, আপনারা যেহেতু এখানে ট্রাক্টর তৈরি করছেন, তবে চাইলে ভারতেই বুলডোজারও তৈরি করতে পারেন। দেশ ও বিদেশে এর চাহিদা আপনাআপনিই তৈরি হয়ে যাবে, কারণ এটি ইতিমধ্যেই এখানে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হয়ে উঠেছে।”

‘অশান্তির রাজ্য’ থেকে ‘উৎসবের রাজ্য’

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকটিও জোরালোভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০১৭ সালের আগের উত্তরপ্রদেশ যেখানে অবহেলা, পিছিয়ে পড়া এবং আইনশৃঙ্খলা হীনতার জন্য বারবার প্রশ্নের মুখে পড়ত, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথনির্দেশে সেই রাজ্যই ‘অশান্তির রাজ্য’ থেকে পুরোপুরি পাল্টে গিয়ে ‘উৎসবের রাজ্যে’ পরিণত হয়েছে।

যোগীর সাফ দাবি, উত্তরপ্রদেশ আজ কুখ্যাত মাফিয়াদের রাজত্ব থেকে বেরিয়ে সম্পূর্ণভাবে আইনের শাসনের পথে হাঁটছে। এই আমূল পরিবর্তনের নেপথ্যে রয়েছে অপরাধ ও অপরাধীদের প্রতি রাজ্য সরকারের কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি।

বিনিয়োগের নতুন গন্তব্য উত্তরপ্রদেশ

মুখ্যমন্ত্রী জানান, একটি মজবুত ও কড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিই উত্তরপ্রদেশকে দ্রুত ‘ইজ অফ ডুইং বিজনেস’ (Ease of Doing Business), নির্ভয়ে ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগকারীদের আস্থার অন্যতম প্রধান গন্তব্যে পরিণত করতে সাহায্য করেছে। আজ দেশ-বিদেশের নামী-দামী সংস্থাগুলো উত্তরপ্রদেশে লগ্নির জন্য মুখিয়ে রয়েছে। বিশেষ করে, একসময় অপরাধের জন্য কুখ্যাত জেওয়ার (Jewar) অঞ্চল আজ যেভাবে বড় শিল্প ও বিনিয়োগের হাব হয়ে উঠেছে, তার পুরো কৃতিত্বই স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সহযোগিতাকে দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা এবং শিল্পবান্ধব এই ইতিবাচক ভাবমূর্তিকেই পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রী।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *