“কাঠমিস্ত্রি থেকে লস্করের কিলার!”—কুলগামে হামলার নেপথ্যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ (CRPF) চৌকিতে সাম্প্রতিক জঙ্গি হামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই রক্তক্ষয়ী হামলার নেপথ্যে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার এক ভয়ংকর কম্যান্ডার— মহম্মদ লতিফ বাট। ২২ বছর বয়সি এই যুবক বর্তমানে দক্ষিণ কাশ্মীরে সক্রিয় থাকা একমাত্র স্থানীয় সন্ত্রাসী বলে মনে করছেন পুলিশ আধিকারিকেরা। তার মাথার দাম হিসেবে ১৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে নিরাপত্তা সংস্থাগুলি।

কাঠমিস্ত্রি থেকে লস্কর কম্যান্ডার হয়ে ওঠার গল্প

কুলগাম জেলার খ্রেওয়ান চাদর নিউ কলোনির বাসিন্দা লতিফ বাট একসময়ে কলেজে পড়াশোনা করত। কিন্তু পড়াশোনা ছেড়ে সে পেশায় কাঠমিস্ত্রির কাজ শুরু করে। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে হঠাৎই রহস্যজনকভাবে বাড়ি থেকে পালিয়ে যায় সে। ১৯ নভেম্বর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। মূলত সেই সময় থেকেই সে লস্কর-ই-তৈবায় যোগ দেয় এবং কট্টরপন্থার পথে পা বাড়ায়। গোয়েন্দাদের মতে, লস্কর ছাড়াও লতিফ জঙ্গি সংগঠন দ্য রেজিট্যান্স ফ্রন্ট (TRF) এবং কাশ্মীর রেভলিউশনারি আর্মির (KRA) মতো সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছে। চলতি বছরের জুলাই মাসে শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার চলাকালীন তল্লাশি এড়িয়ে চম্পট দিতে সক্ষম হয়েছিল এই লতিফ।

একের পর এক ঘৃণ্য অপরাধের অভিযোগ

উপত্যকায় একাধিক নাশকতামূলক ঘটনার সঙ্গে লতিফ বাটের সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ পুলিশের। গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় পর্যটকদের ওপর চলা ভয়াবহ হামলার নেপথ্যেও লস্করের ছায়া সংগঠন টিআরএফ-এর (TRF) হাত ছিল, যার মূল মাথা ছিল এই লতিফ।

এছাড়া চলতি বছরের ২২ জুলাই অনন্তনাগের একটি জনবহুল বাজারে পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেইন কুরেশিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গত ৩১ জুলাই কুলগামের কিলাম এলাকার একটি ইটভাটায় কাজ করার সময় ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিককে ঠান্ডা মাথায় গুলি করে খুন করার নেপথ্যেও এই লতিফ বাটের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ।

১৫ লক্ষ টাকার পুরস্কার ও জোরদার তল্লাশি

একাধিক হাই-প্রোফাইল খুন ও নাশকতার ঘটনার জেরে ইতিমধ্যেই শ্রীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লতিফ বাটের ছবিযুক্ত ‘ওয়ান্টেড’ পোস্টার সাঁটানো হয়েছে এবং তার ধরিয়ে দেওয়ার জন্য ১৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। কুলগামে সিআরপিএফের ওপর সাম্প্রতিক হামলার পর ওই মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডারকে পাকড়াও করতে উপত্যকায় চিরুনি তল্লাশি অভিযান আরও তীব্র করেছে যৌথবাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *