“কীসের মর্যাদা পুরুষোত্তম!”,’ রাম নিয়ে বেলাগাম মন্তব্য তৃণমূল সাংসদ কীর্তি আজাদের

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অযোধ্যা সফর ঘিরে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই রাম মন্দির এবং ভগবান রামকে নিয়ে এক চরম বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, অযোধ্যার রাম মন্দিরে তিনি কখনও পা রাখবেন না। আর এর পিছনে যে যুক্তি তিনি খাড়া করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য তথা জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
ভগবান রামের ‘মর্যাদা পুরুষোত্তম’ ভাবমূর্তি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলার শাসকদলের এই মমতাপন্থী সাংসদ। তাঁর নিশানায় মূলত গেরুয়া শিবিরের ধর্মীয় রাজনীতি।
‘রাম মন্দিরে কেন যাব? এ কেমন মর্যাদা?’
বিস্ফোরক মেজাজে কীর্তি আজাদ বলেন, “আমি ওই মন্দিরে কখনও যাব না। কারণ, ভগবান রাম অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তাঁর স্ত্রীকে ত্যাগ করেছিলেন। মা সীতাকে তাঁর নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি কেন সেখানে যাব?”
হিন্দু ধর্মে ভগবান রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ হিসেবে পুজো করা হয়। সেই প্রচলিত বিশ্বাসে আঘাত হেনে সাংসদের চাঁচাছোলা প্রশ্ন, “অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও মা সীতাকে তাঁর দুই ছোট ও নিষ্পাপ সন্তানসহ গৃহ থেকে বিতাড়িত করা হয়েছিল। মর্যাদা পুরুষোত্তম? এ কেমন মর্যাদা? আমি বাচ্চাদের কী বলব?“
‘সীতা আমার মা, আমি তাঁর জন্যই লড়ব’
নিজের শিকড় যে মিথিলায়, সে কথা স্মরণ করিয়ে দিয়ে কীর্তি আজাদ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমি সীতার জন্মস্থান থেকে এসেছি। সীতা মিথিলার কন্যা, তিনি সেখানকার সকলের কাছে মায়ের মতো। সীতা আমারও মা। তাই একজন সন্তান হিসেবে আমাকে তাঁর সম্মানের জন্যই লড়াই করতে হবে।”
পাশাপাশি, দেশে হিন্দু দেব-দেবীর সংখ্যার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “দেশের ৩২০০ কোটি দেব-দেবীর মধ্যে ভগবান রামই কি একমাত্র দেবতা?”
‘আমি কালীর ভক্ত, তাই বলে কি হিন্দু নই?’
বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে তৃণমূল সাংসদ নিজের ধর্মীয় বিশ্বাসের কথা জনসমক্ষে তুলে ধরেন। তিনি জানান, তাঁর বাবা ছিলেন দেবী দুর্গার একনিষ্ঠ ভক্ত, আর তিনি নিজে দেবী কালীর উপাসক।
কামাখ্যা মন্দির, কালীঘাট, দক্ষিণ কালী এবং দিল্লির গোল মার্কেটের কালী মন্দিরে নিয়মিত পুজো দেওয়ার কথা উল্লেখ করে তাঁর কটাক্ষ, “এই মন্দিরগুলিতে যাওয়া এবং দেবী কালীর পুজো করার অর্থ কি এই যে আমি হিন্দু নই?” তাঁর অভিযোগ, বিজেপি কেবল রামকে কেন্দ্র করেই রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। শ্রীকৃষ্ণ বা অন্য কোনও দেব-দেবীকে নিয়ে রাজনৈতিক আলোচনায় বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির।
কীর্তি আজাদের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একাংশের মতে, লোকসভা ভোটের আগে হিন্দুত্ববাদ ইস্যুতে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই তৃণমূল সাংসদের এই সুকৌশলী মন্তব্য।