প্রতিবাদ করতেই জোর করে তুলে নিয়ে গিয়ে চরম অত্যাচার! কলকাতার হাই-সিকিউরিটি জোনে জওয়ানের বিরুদ্ধে হাড়হিম কাণ্ড

শহরের কড়া নিরাপত্তাবেষ্টিত সামরিক আবাসনের ভেতরেই এক সেনাকর্তার নাবালিকা মেয়েকে চরম শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ উঠল মোতায়েন থাকা এক জওয়ানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার হেস্টিংস থানা এলাকার এক সামরিক আবাসনে। নির্যাতিতা নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই জওয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছিল সেই দিন? পুলিশে দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার বিকেলে। সামরিক আবাসনের ভেতরের পার্কে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ওই নাবালিকা। ঠিক সেই সময়েই সেখানে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন অভিযুক্ত জওয়ান। অভিযোগ, নাবালিকাটিকে দেখে ওই জওয়ানপ্রথমে কুরুচিকর ইঙ্গিত ও অঙ্গভঙ্গি করে। মেয়েটি সাহস দেখিয়ে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানায়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জওয়ান জোরপূর্বক শিশুটিকে সেখান থেকে চাগিয়ে নিয়ে অন্য এক নির্জন স্থানে চলে যায়।

তীব্র শারীরিক নির্যাতন ও গ্রেফতারি: সেখানে নিয়ে গিয়ে ওই জওয়ান নাবালিকাটির ওপর চরম শ্লীলতাহানি চালায় বলে অভিযোগ। বাধা দিতে গেলে ওই জওয়ানের হামলায় মেয়েটির ঠোঁটে মারাত্মক আঘাত লাগে ও রক্তপাত শুরু হয়। যন্ত্রণায় নাবালিকাটি বিকট চিৎকার শুরু করলে ধরা পড়ার ভয়ে অভিযুক্ত জওয়ান তাকে ছেড়ে চম্পট দেয়।

মেয়েটির চিৎকারের শব্দ শুনে পার্কের অন্যান্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় শিশুটি তাঁদের কাছে নিজের ওপর ঘটে যাওয়া সেই বিভৎস অত্যাচারের কথা তুলে ধরে এবং বাড়ি ফিরে মাকে সবটা জানায়।

তদন্তে হেস্টিংস থানার পুলিশ: ঘটনার পর গত রবিবার হেস্টিংস থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার মা। অভিযোগ পাওয়ার পর মুহূর্তেই তৎপর হয়ে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই নির্যাতিতা নাবালিকার শারীরিক ও ডাক্তারি পরীক্ষা করানো হয় হাসপাতালে। অভিযুক্ত জওয়ানকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। হাই-সিকিউরিটি সামরিক আবাসনের অন্দরে এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *