পেট্রোলে ইথানল ২০% নাকি ৩৩%? এক্স-এ পোস্ট ডিলিট করতেই কাঠগড়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা, তোলপাড় দেশ!

পেট্রোলে অতিরিক্ত ইথানল মেশানো নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই আগুনে ঘি ঢালল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘ভারত পেট্রোলিয়াম’ (BPCL)। নির্ধারিত ২০ শতাংশের (E20) চেয়ে অনেক বেশি ইথানল মেশানোর গুরুতর অভিযোগ তুলেছিল কর্নাটক সরকার। সেই অভিযোগ খণ্ডন করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ‘MythVsFact’ প্রচার চালানি শুরু করেছিল ভারত পেট্রোলিয়াম। কিন্তু প্রচার চালাতে গিয়ে সংস্থাটির একটি ডিলিট করা পোস্টকে ঘিরে তৈরি হলো মারাত্মক নতুন বিতর্ক।

গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভারত পেট্রোলিয়াম দাবি করে, মহীশূরের একটি পেট্রোল পাম্পে জ্বালানির ইথানল মিশ্রণ পরীক্ষা করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে ইথানল নির্ধারিত ২০ শতাংশই রয়েছে। কিন্তু পোস্টটিতে থাকা ছবির পরীক্ষা-নথির দিকে নজর পড়তেই নেটপাড়ায় আলোড়ন সৃষ্টি হয়। নেটিজেনরা দাবি করেন, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে পরীক্ষায় ইথানলের পরিমাণ ২০ শতাংশের সীমা ছাড়িয়ে পৌঁছায় ৩৩ শতাংশে!

বিতর্কের মুখে ডিলিট পোস্ট, ভাইরাল স্ক্রিনশট

বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে চারদিক থেকে প্রশ্ন উঠতে শুরু করার পরেই তড়িঘড়ি পোস্টটি মুছে দেয় ভারত পেট্রোলিয়াম। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ক্ষুব্ধ ব্যবহারকারীরা সেই পোস্টের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং রাষ্ট্রায়ত্ত এই সরকারি সংস্থার চরম দ্বিচারিতা ও কারচুপি নিয়ে সরব হন। অনেকেই সরাসরি ভারত পেট্রোলিয়ামের কাছ থেকে এর স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন।

(তবে ওই চিত্রে সত্যিই ৩০ শতাংশ বা ৩৩ শতাংশ ইথানল মিশ্রণের আইনি প্রমাণ রয়েছে কি না, সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।)

কর্নাটক সরকারের বিস্ফোরক অভিযোগ

সম্প্রতি কংগ্রেস শাসিত কর্নাটক সরকার তেল সংস্থাগুলির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ আনে। রাজ্য সরকারের দাবি, কর্নাটকের বিভিন্ন এলাকায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL), শেল (Shell) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর পাম্প থেকে মোট ৬৩টি পেট্রোলের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

পরীক্ষাগারে সেই নমুনা পরীক্ষা করতেই দেখা যায়, বহু পাম্পেই ইথানলের পরিমাণ নির্দিষ্ট ২০ শতাংশের (E20) পরিমাপ বহুলাংশে ছাড়িয়ে গিয়েছে। সরকারের আশঙ্কা, পেট্রোলে মাত্রাতিরিক্ত ইথানল মেশানোর ফলে গাড়ির ইঞ্জিন দ্রুত বিকল হতে পারে, যার ফলে সাধারণ গাড়ির মালিকদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এই ঘটনা কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা বাড়িয়ে দিয়েছে।

এবার কেরলেও শুরু আচমকা অভিযান

কর্নাটকের এই আশঙ্কাজনক রিপোর্টের পরেই নড়েচড়ে বসেছে প্রতিবেশী রাজ্য কেরলও। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) সরকার রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে আচমকা অভিযান চালানো শুরু করেছে। আপাতত কেরলের চারটি প্রধান জেলা— তিরুঅনন্তপুরম, এর্নাকুলাম, কোঝিকোড় এবং কান্নুরে এই সারপ্রাইজ টেস্ট অভিযান চালানো হচ্ছে।

কেরলের মন্ত্রী অনুপ জ্যাকব জানিয়েছেন, সংগৃহীত পেট্রোলের নমুনা সরকারি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে এবং ১০ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। প্রথম দফায় কোনো অনিয়মের প্রমাণ মিললে রাজ্যজুড়ে আরও বড় আকারে অভিযান চালানো হবে। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পগুলি সরাসরি বন্ধ করে দেওয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *