‘পালং শাক আর দু’গ্লাস দুধ…’ ১৯৬৯-এর সেই অভিশপ্ত রাত! শাশুড়ি ইন্দিরার কোলে মাথা রেখে কেঁদেছিলেন সনিয়া

রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী নন—কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রথম সন্তানকে নিয়ে এক বেদনাময় অজানা সত্য প্রকাশ্যে এল। জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছিল তাঁদের প্রথম সদ্যোজাত পুত্রসন্তানের। মঙ্গলবার প্রকাশিত নিজের আবেগঘন আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ জীবনের সেই গভীরতম শোক, ব্যক্তিগত বিষাদ এবং সন্তানের শেষকৃত্য নিয়ে তৈরি হওয়া জটিলতার কথা উন্মোচিত করলেন সোনিয়া গান্ধী।

আনন্দের মাঝে হঠাৎ অমাবস্যা: ঘটনাটি ১৯৬৯ সালের জানুয়ারি মাসের। ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন সোনিয়া। সেই খবর পাওয়া মাত্রই আনন্দে মেতে উঠেছিলেন রাজীব ও সোনিয়া। কম খুশি হননি শাশুড়ি ইন্দিরা গান্ধীও। হবু নাতি বা নাতনির আগমনের জন্য সাধ্যমতো প্রস্তুতি শুরু করেছিলেন ইন্দিরা। বউমার খাওয়াদাওয়া থেকে শুরু করে শরীরচর্চা—সবকিছুর ওপর কড়া নজর রাখতেন তিনি। এমনকি সোনিয়ার জন্য বিশেষ খাদ্যতালিকাও তৈরি করে দিয়েছিলেন। যদিও সেই ডায়েট মেনে চলা, বিশেষ করে নিয়ম করে পালং শাক খাওয়া আর প্রতিদিন দু’গ্লাস দুধ খাওয়া সোনিয়ার জন্য ছিল বেশ কঠিন।

যে রাত সব কেড়ে নিল: সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গর্ভাবস্থার সপ্তম মাসে হঠাৎই জটিলতা দেখা দেয়। মারাত্মক পেটে ব্যথা নিয়ে সোনিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। অবশেষে ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। প্রসব স্বাভাবিকই হয়েছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম কান্নার শব্দও শুনেছিলেন সোনিয়া।

সোনিয়া স্মৃতিচারণ করে লিখেছেন, রাজীব নিজে তাঁকে নিয়ে গিয়েছিলেন ছোট্ট শিশুটিকে দেখাতে। ঘন কালো চুল আর লম্বা আঙুলের সেই সদ্যোজাতকে দেখে মা হিসেবে শিহরিত হয়েছিলেন তিনি। কিন্তু রাজীব আগেই ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছিলেন নিষ্ঠুর সত্যটি—শিশুটিকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে পরদিন সকাল সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

ভাঙা মনে পাশে দাঁড়িয়েছিলেন ইন্দিরা-সঞ্জয়: প্রথম সন্তানকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলেন রাজীব ও সোনিয়া। সেই খবর পাওয়া মাত্রই নিজের রাজনৈতিক সফর মাঝপথে থামিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছে যান শাশুড়ি ইন্দিরা গান্ধী। শোকস্তব্ধ ছেলে ও পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি। হাসপাতালে ছুটে এসেছিলেন দেওর সঞ্জয় গান্ধীও।

নিজের প্রথম সন্তানকে হারানো এবং পরবর্তীতে তার শেষকৃত্য নিয়ে তৈরি হওয়া জটিলতার যে যন্ত্রণা সোনিয়া দীর্ঘদিন চেপে রেখেছিলেন, রাজীবের সেই পিতৃশোকে বিহ্বল রূপটি এবার আত্মজীবনীতে ফুটিয়ে তুললেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *